তানবির আহমেদ চৌধুরীঃ
বাংলাদেশ আওয়ামী লীগ এর বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি কর্তৃক আয়োজিত পরিবেশ বিষয়ক উদ্ভাবন প্রতিযোগিতা -২০২৩ এ চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ আলম।
গত ২৭ মে পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ এর বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে উদ্ভাবনী সম্পর্কে লিখা আহবান করে। যাতে চুয়েট থেকে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হন মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসিফ আলম।
আসিফ আলম সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব ব্যানানা প্যাডের অটোমেটেড প্রোডাকশন সিস্টেম ও নিজস্ব ডিসইনফেকশন চেম্বার উদ্ভাবন করেন।
এ বিষয়ে আসিফ আলম বলেন, স্বাস্থ্য-সুরক্ষা নিশ্চিতকরণে ও পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে ব্যানানা প্যাড একটি অনন্য ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি৷ বর্তমানে, বাংলাদেশ হাই টেক পার্কের সহযোগিতায় ব্যানানা প্যাড আর ও একধাপ এগিয়েছে৷ আমরা আরো এমন কলাবোরেশন আশা করছি যার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারবো৷
তার এই উদ্ভাবন নিয়ে মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইন্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে এরকম অটোমেটেড ডিভাইসের উদ্ভাবন অত্যন্ত প্রশংসনীয়। এটি পরিবেশের প্লাস্টিক দূষণ যেমন কমাবে ঠিক তেমন ভাবে ব্যাবহারকারীদের স্বাস্থ্য ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী৷ তার এই আবিষ্কারে ও পুরস্কার প্রাপ্তিতে আমরা মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তথা চুয়েট পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত৷ আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি৷