সম্রাট চৌধুরী ও সৈয়দ তাহমিদঃ
গাছে গাছে রঙ্গিন ফুল, দখিনা নির্মল হাওয়া, শুকনো পাতায় ছেয়ে গেছে রাস্তাঘাট। যেন বাসন্তী নির্মলতায় ভরপুর পরিবেশ।
আর সেই বসন্তের শুরুতেই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উদযাপিত হয়ে গেল সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনির ১৯তম তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এই উপলক্ষ্যে গত ১৬ই ফেব্রুয়ারি শনিবার বিকেলে, বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরের সামনে বর্ষপূর্তি ও বসন্ত উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ জি এম সাদিকুল ইসলাম, অধ্যাপক ড. আয়েশা আক্তার, যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সানাউল রাব্বী পাভেল সহ প্রমুখ।
অনুষ্ঠানে পিঠা উৎসব, ক্যাম্পফায়ার, পথনাট্য এবং সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।
জয়ধ্বনির সভাপতি মুশফিকা রহমান বলেন, জয়ধ্বনির ১৯ বছরের এই পথচলার অংশ হতে পেরে আমরা জয়ধ্বনির প্রতিটি সদস্য আনন্দিত। জয়ধ্বনি শতবর্ষী হোক এই কামনা করি। আর এভাবেই এই ক্যাম্পাসটাকে বাঁচিয়ে রাখুক।

