চুয়েটনিউজ২৪ডেস্কঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. শ্যামল কান্তি বিশ্বাস (৭৪) আর নেই ।
রবিবার (১লা ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫ঃ৩০টায় যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা যায় সেখানেই তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
তিনি দীর্ঘদিন যাবত পারকিনসন রোগে ভুগছিলেন। সপ্তাহ দুয়েক আগে তিনি হার্ট এট্যাকের কারণে হাসপাতালে ভর্তি হন।
তিনি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার প্রয়াত যতীন্দ্র মোহন বিশ্বাস ও খুকি বিশ্বাস এর ৬ ছেলে ও ৬ মেয়ের মধ্যে সকলের বড়। তিনি চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী মীরা প্রভা বিশ্বাস, এক ছেলে, তিন মেয়ে, একাধিক নাতি-নাতনী এবং দেশ-বিদেশে হাজার হাজার শিক্ষার্থীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত দুই মেয়াদে চুয়েটের উপাচার্যের দায়িত্ব পালন করেন।
বাংলাদেশের প্রকৌশল ও কারিগরি শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে অধ্যাপক ড. শ্যামল কান্তি বিশ্বাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুতে চুয়েট পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। গভীর শোক প্রকাশ করেছেন চুয়েটের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
এদিকে অধ্যাপক ড. শ্যামল কান্তি বিশ্বাসের স্মরণে আগামীকাল সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এতে সকলকে উপস্থিত থেকে প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
