চুয়েটনিউজ২৪ডেস্কঃ
‘সংকীর্ণতা ছিন্ন করে ,ডানা মেলি দিগন্তে’ এ শ্লোগানকে সামনে রেখে গত ১০ ডিসেম্বর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিজ্ঞানভিত্তিক ম্যাগাজিন ‘বিজ্ঞান দর্পণ’ এর প্রতিষ্ঠাসভা অনুষ্ঠিত হয়েছে। এ সভার মধ্য দিয়ে ম্যাগাজিনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে । রবিবার বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের সেমিনার রুমে আয়োজিত এই সভায় সংগঠনটির ২০১৭ -১৮ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয় ।
কমিটিতে ম্যাগাজিনের এডিটর নির্বাচিত হন পিএমই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহীনুল ইসলাম ,কো এডিটর নির্বাচিত হন একই বর্ষের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান তুষার ও দীপঙ্কর তরফদার ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ । এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মাজেদুল ইসলাম ,তড়িৎ ও টেলিযোগাযোগ বিভাগের প্রভাষক মোহাম্মদ আহসান কবির , নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রভাষক খাতুন ই জান্নাত প্রমুখ । অনুষ্ঠানে ম্যাগাজিনটির বিভিন্ন উদ্দেশ্য ও দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।
ম্যাগাজিনের প্রধান উপদেষ্টা অধ্যাপক জামাল উদ্দিন আহমেদ বলেন , বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন ‘বিজ্ঞান দর্পণ’ বের করার উদ্যোগকে আমি সাধুবাদ জানাই । এ ম্যাগাজিন শিক্ষার্থীদের মেধা বিকাশের অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করবে বলে আমি মনে করি । ম্যাগাজিনের ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করব ।
ম্যাগাজিনটির প্রতিষ্ঠাতা সম্পাদক শাহীনুল ইসলাম চুয়েটনিউজকে জানান , বিজ্ঞান-গণিতে কিংবা গবেষণায় আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে গেলেও এটা অবাক করার বিষয় যে আমাদের এ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কোন বিজ্ঞান ম্যাগাজিন নেই । প্রকৌশল শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে বিভিন্ন বিষয় নিয়ে লেখার সুযোগ পায় সে লক্ষে এ ম্যাগাজিনটি যাত্রা শুরু করে । বিজ্ঞান দর্পণ চুয়েট শিক্ষার্থীদের ম্যাগাজিন । শিক্ষার্থীরা যারা লিখতে চায় তারা এখানে সহজে লেখার সুযোগ পাবে । এ ম্যাগাজিনটি যাতে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেড়িয়ে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠা লাভ করে সে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে । বিজ্ঞান দর্পণের ১ম সংখ্যার মোড়ক উন্মোচনের সম্ভাব্য তারিখ ২০১৮ এর ১৫ ই জানুয়ারি ধার্য করা হয়েছে ।
তারিখ: ১১/১২/২০১৭ ইং
