তানবির আহমেদ চৌধুরী ফাহিম:-
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শুরু হলো “ক্যারিয়ার ফেস্ট ২০২৩”। বিশ্ববিদ্যালয়ের অন্যতম জনপ্রিয় সংগঠন চুয়েট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত হচ্ছে উৎসবটি।
আজ ২ জুন (শুক্রবার) দুই দিন ব্যাপী উক্ত উৎসবের প্রথম দিন। সকাল ৯.৩০ ঘটিকায় চাকরির সাক্ষাৎকার বিষয়ক সেমিনার দিয়ে সুচনা হয় উৎসবটির। এসময় বক্তন্য রাখেন বাংলাদেশ সোসাইটি অব হিউমান রিসোর্স ম্যানেজমেন্ট, হেইডেলবার্গ সিমেন্ট সহ বিভিন্ন কোম্পানি প্রতিনিধিরা। এরপর দুপুর ১২.৪০ মিনিটে রেডডট ডিজিটাল লিমিটেড তাদের আলোচনা সম্পন্ন করেন। রেডডট ডিজিটাল লিমিটেড দেশের সনামধন্য মোবাইল সিম কোম্পানি রবি এজিয়েটার একটি শাখা প্রতিষ্ঠান যারা বাংলাদেশ সরকারের আইটি ও ডিজিটাল সমস্যা সমাধানের পাশাপাশি সকল ধরণের ডিজিটাল সেবা প্রদান করে থাকেন।

দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৭ টা পর্যন্ত চলবে ‘উচ্চশিক্ষা’ এবং ‘রোড টু বিসিএস’ শীর্ষক দুটি সেমিনার, যেখানে মূল প্রবন্ধ উপস্থাপন করবে যথাক্রমে বাংলাদেশ মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি এর প্রভাষক মো. তৌহিদুর রহমান এবং যশোর জেলা পরিষদের সহকারী কমিশনার সৌম্য চৌধুরী।
আর, ৩ জুন উৎসবের দ্বিতীয় দিনে রয়েছে “অন ক্যাম্পাস রিক্রুটমেন্ট” শীর্ষক চাকরি উৎসব, যেখানে হুয়াওয়ে টেকনোলজি লিমিটেড বিদায়ী ব্যাচের (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের থেকে জীবন বৃত্তান্ত সংগ্রহ করবে এবং জীবন বৃত্তান্তের ভিত্তিতে ও লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাইকৃত শিক্ষার্থীদের সাক্ষাৎকার নিবে। আর, শেষে দুপুর ২:৩০ টায় উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত ‘ক্যারিয়ার টক’ নামক একটি সেমিনারের মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে, যেখানে কি-নোট স্পিকার হিসেবে থাকবেন অন্যরকম গ্রুপ অব কোম্পানি এর চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ।
এ বিষয়ে চুয়েট ক্যারিয়ার ক্লাবের সভাপতি জাহিদ হাসান বলেন, শেষ বর্ষের শিক্ষার্থীদের চাকরির সুযোগ ও ক্যারিয়ার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের এ আয়োজন। শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে সফল মানুষদের কথা শুনতে পাবে এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যেই কোম্পানিগুলোতে সাক্ষাৎকার দেওয়ার মাধ্যমে চাকরি নিশ্চিত এর সুযোগ পাবে। আশা করি, এটি উৎসুক শিক্ষার্থীদের আগামীর পথ চলায় সহায়ক হবে।”