চুয়েটে দৃষ্টিনন্দন শেখ রাসেল ম্যুরাল উদ্বোধন

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট)-এর শেখ রাসেল হলের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ২০২১-২২শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাতে চুয়েটের শেখ রাসেল হলের অভ্যন্তরে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক রেজাউল করিম।শেখ রাসেল হলের প্রভোস্ট রিয়াজ আকতার মল্লিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও যন্ত্রকৌশল অনুষদের ডিন শেখ মোহাম্মদ হুমায়ুন কবির এবং চুয়েটের অন্যান্য আবাসিক হলের প্রভোস্টগণ উপস্থিত ছিলেন।আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। পরে শেখ রাসেল হলের অন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।

cuet
২০১৭-১৮ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ২০২১-২২শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ

এর আগে ওইদিন বিকেল ৪টায় শেখ রাসেল হলের প্রবেশদ্বারে শেখ রাসেল ম্যুরালের উদ্বোধন করেন উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম।প্রায় দুই লক্ষ টাকা ব্যয়ে এই ম্যুরালটি তৈরী করা হয়েছে।উদ্বোধনকালে পুরকৌশল অনুষদের ডিন মো. মইনুল ইসলাম, যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রকল্যাণ পরিচালক মো. রেজাউল করিম, শেখ রাসেল হলের প্রভোস্ট মো. রিয়াজ আকতার মল্লিকসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, ছাত্রকল্যাণ উপ-পরিচালক ও সহকারী প্রভোস্টগণ উপস্থিত ছিলেন।

নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান উপলক্ষে শেখ রাসেল হলে জমকালো আলোকসজ্জা করা হয়।রাতে আয়োজন করা হয় প্রীতিভোজ এবং সবশেষে ছিলো কন্সার্ট। উল্লেখ্য, শেখ রাসেল হলে এটিই ছিলো প্রথম কোনো ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।প্রায় ৫৫০ জনের আবাসনের সুবিধা সম্বলিত আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে ২০১৮ সালের ১৬ই ডিসেম্বর শেখ রাসেল হল যাত্রা শুরু করে।