নাজমুল হাসান, হাবিব আসলাম:
গত ১১ই জুন (রববার) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বহুজাতিক কোম্পানি ইউনিলিভার এর সহযোগিতায় “লার্ন টু লিড” নামক কর্মশালা অনুষ্ঠিত হয়। মূলত, স্নাতক পর্যায়ের ছাত্রদের সাথে পেশাজীবীদের সংযোগ স্থাপন এবং তাদেরকে নেতৃত্বের গুণাবলি অর্জনে অনুপ্রাণিত করার লক্ষ্যে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালাটির স্থানীয় আয়োজক হিসেবে ছিলো সাপ্লাই চেইন অ্যান্ড বিজনেস অ্যালায়েন্স (এসসিবিএ), চুয়েট।
প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয় । উক্ত কর্মশালায় ইউনিলিভারের ৭জন উচ্চ-পদস্থ কর্মকর্তা সহ সেখানে কর্মরত চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পুরো কর্মশালা জুড়ে আলোচকরা মূলত নেতৃত্বের উপর আলোকপাত করেন এবং তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার ভাণ্ডার ভাগ করে শিক্ষার্থীদেরকে বিমোহিত করেন। তাদের অনুপ্রেরণামূলক আলোচনা শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের নেতা হওয়ার জন্য আগ্রহ সৃষ্টির পাশাপাশি মানসিকভাবে প্রস্তুত করে।
কর্মশালার বিষয়ে ইউনিলিভার এর কান্ট্রি প্রকিউরমেন্ট লিড দিলরুবা চৌধুরী বলেন, ইউনিলিভার স্বাধীন সংস্কৃতিতে বিশ্বাস করে। এখানে সবাইকেই নিজের সৃজনশীলতাকে জাগ্রত করার সুযোগ দেওয়া হয়। আমরা চুয়েটে “লার্ন টু লিড” এর মাধ্যমে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করতে চাই যেন তারা বহুজাতিক কোম্পানিতে চাকরি করার জন্য নিজেকে তৈরি করতে পারে।
এসসিবিএ এর সভাপতি অর্ণব দাশ অনিক বলেন, এ ধরনের কর্মশালা চুয়েটে প্রথম বারের মতো অনুষ্ঠিত হওয়া সত্ত্বেও অনেক শিক্ষার্থী এই কর্মশালাতে অংশগ্রহণ করেছে। আমাদের কমিটির শেষ আয়োজন হিসেবে আমি নিজেকে সার্থক মনে হচ্ছে এটা দেখে যে, আমরা চুয়েট শিক্ষার্থীদের মাঝে “প্রোফেশনালিজম” শেখার আগ্রহ তৈরি করতে পেরেছি।