সজীব কুমার করঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যপূর্ণভাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মেহেদী হাসান চৌধুরী ও প্রভাষক জনাব দিবা দাশ এবং উপ-পরিচালক (তথ্য ও প্রকাশনা) জনাব মোহাম্মদ ফজলুর রহমানের সঞ্চালনায় চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক ও একুশে ফেব্রুয়ারি উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। অনুষ্ঠানমালা সঞ্চালনা করেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মেহেদী হাসান চৌধুরী ও প্রভাষক জনাব দিবা দাশ এবং উপ-পরিচালক (তথ্য ও প্রকাশনা) জনাব মোহাম্মদ ফজলুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভাগীয় প্রধানগণের পক্ষে স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান জনাব কানু কুমার দাশ, প্রভোস্টগণের পক্ষে শহিদ মোহাম্মদ শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর, স্টাফ ওয়েলফেয়ার ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. বশির জিসান, কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মো. জামাল উদ্দীন এবং শিক্ষার্থীদের পক্ষে ‘১৭ ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী সাঈদ চৌধুরী।
আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, ”বায়ান্নর ভাষা আন্দোলন ছিল বাঙালির সকল স্বাধিকার আন্দোলনের সূতিকাগার। কিন্তু বর্তমানে স্যাটেলাইট, টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি ভাষার বিকৃতি হচ্ছে।” তিনি ইন্টারনেটে বাংলা ভাষার যথাযথ ব্যবহারে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর জন্য উৎসাহিত করার মাধ্যমে বাংলা ভাষাকে বিশ্বের সর্বোচ্চ আসনে নিয়ে যাওয়ার প্রত্যাশায় চুয়েটের সবাইকে অনুপ্রেরণা দেয়ার মাধ্যমে তার বক্তব্য শেষ করেন।
দিবসটি উপলক্ষ্যে দিনের প্রথম প্রহরে ( সকাল সাড়ে ৭ টায় ) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বর হতে শহীদ মিনার পর্যন্ত প্রভাত ফেরির মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর শুরু হয়। পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে উপাচার্য ও রেজিস্ট্রারের সমন্বয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং ভাষা আন্দোলন বিষয়ক আলোচনার শুরুতে মহান ভাষা শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
এরপর একে একে চুয়েটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন, চুয়েট স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, দেশাত্মবোধক গান প্রভৃতি।
তারিখ: ২১শে ফেব্রুয়ারি,২০২৩।