চুয়েটে আঞ্চলিক ক্রিকেট লীগ শুরু

সাঈদ চৌধুরীঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট)- এ বর্ণাঢ্য আয়োজনে অঞ্চল ভিত্তিক ক্রিকেট লীগ শুরু হয়েছে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উক্ত খেলার উদ্বোধন করেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক রেজাউল করিম। এসময় উপস্থিত ছিলেন সহকারী ছাত্রকল্যাণ পরিচালক সাইফুল ইসলাম, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক সানাউল রাব্বী পাভেল এবং শিক্ষার্থীবৃন্দ।

চুয়েট স্পোর্টস ক্লাবের উদ্যোগে তৃতীয় বারের মত চুয়েটে আয়োজিত হচ্ছে এই আঞ্চলিক ক্রিকেট লীগ। “রিজিওনাল ক্রিকেট লীগ(আরসিএল) শীর্ষক এবারের টুর্নামেন্টে অংশগ্রহণ করছে ১২টি দল। সেগুলো হলো
রংপুর রেঞ্জার্স, ঢাকা ক্যাপিটালস, বগুড়া টাইরান্টস, দূর্বার কুমিল্লা, সিলেট সোল্ডার্স, চিটাগং ভাইকিংস, নোয়াখালী কোস্টালস, ময়মনসিংহ মোনার্কস,খুলনা ট্র্যাশার্স, দুরন্ত রাজশাহী, বরিশাল ট্রোজানস, নরসিংদী রাইসার্স।


খেলায় প্রতিটি দলের কমপক্ষে ১৫ জনের স্কোয়াড রয়েছে।প্রতিটি দলে সর্বাধিক ৪ জন খেলোয়াড় নিজ অঞ্চল ব্যাতিত খেলতে পারবেন।প্রতিটি খেলা ১৪ ওভারে সম্পন্ন হবে।


চুয়েট স্পোর্টস ক্লাবের সভাপতি সাফকাত আর রুম্মান চুয়েটনিউজ২৪কে বলেন, প্রতিবছর বাংলাদেশের সব অঞ্চল থেকে ছেলেমেয়েরা চুয়েটে পড়াশুনা করতে আসে। আঞ্চলিকতার ভিত্তিতে ক্রিকেট টুর্নামেন্ট তাই বরাবরই জনপ্রিয়তার শীর্ষে।প্রতিবছরের মতো এবারও স্পোর্টস ক্লাব আয়োজন করেছে এই টুর্নামেন্ট। আমি আশা করি ওই টুর্নামেন্ট শিক্ষার্থীদের মানসিক বিকাশ সাধনের পাশাপাশি ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে সহায়তা করবে।