চুয়েট মডেল ইউনাইটেড ন্যাশন্স ক্লাবের নবীনবরণ অনুষ্ঠিত

জিওন আহমেদঃ

জাকজমকপুর্ণ আয়োজনের মধ্যদিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট) এর ছায়া জাতিসংঘ ক্লাব “চুয়েট মডেল ইউনাইটেড ন্যাশনস ক্লাবের” (চুয়েট মান) নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৭ই ডিসেম্বর বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রায় ১২০জনের অধিক শিক্ষার্থীদের বরণ করে নেয় ক্লাবটি।

নবীনবরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের মানবিক বিভাগের সহকারী অধ্যাপক ও সংগঠনটির প্রধান মডারেটর নাহিদা সুলতানা এবং তড়িৎ ও  ইলেক্ট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক ও মডারেটর জিতু প্রকাশ ধর । এছাড়াও চুয়েট মানের সভাপতি ইশরাক আহমেদ এবং তুর্জয় ধর উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে চুয়েট মডেল ইউনাইটেড ন্যাশনস ক্লাবের দুইজন সদস্য তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।, নতুন যারা এসেছে এবং আসবে তাদের হাত ধরেই চুয়েট মডেল ইউনাইটেড ন্যাশনস ক্লাব তার সাফল্যের ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন ক্লাবের মডারেটর জিতু প্রকাশ ধর ।

এরপর ২০২০-২১বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেয়ার মাধ্যমে সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় চুয়েটের বিভিন্ন বিভাগের ২০১৯-২০২০ বর্ষের শিক্ষার্থীরা অংশ নেয় এবং নাচ,গান,কবিতা আবৃত্তি ও নাটক পরিবেশনার মাধ্যমে মঞ্চ মাতিয়ে তোলে ।

সংগঠনটির সভাপতি ইশরাক আহমেদ বলেন, “শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশ, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন, লিডারশীপ, গবেষণা ধর্মী কর্মসূচিতে চুয়েট ছায়া জাতিসংঘ ক্লাব সহায়ক ভূমিকা পালন করে। বিগত ব্যাচগুলোর মত নবীনরাও বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক কনফারেন্সগুলোতে পুরষ্কার অর্জনের মাধ্যমে এই ক্লাবের ঐতিহ্য এবং ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমি আশা রাখি।”