চুয়েট মডেল ইউনাইটেড ন্যাশন্স ক্লাবের কার্যকর কমিটি ঘোষণা

নাজমুল হাসানঃ-

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অন্যতম আলোচিত সংগঠন চুয়েট মডেল ইউনাইটেড ন্যাশনস ক্লাবের (CUETMUNC) তৃতীয় বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ই আগষ্ট বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

উক্ত সভায় ক্লাবের ২০২২-২৩ মেয়াদের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন ক্লাবের বিদায়ী সভাপতি মোঃ হাসিবুল হোসাইন। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইশরাক আহমেদ এবং সাধারন সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগ এবং বর্ষের শিক্ষার্থী তুর্জয় ধর ।

১২ সদস্য বিশিষ্ট কমিটির বাকিরা হলেন সহ-সভাপতি ফয়সাল মেহেদী রহমান, সাংগঠনিক সম্পাদক ফারিহা আলম, যুগ্ন সাংগঠনিক সম্পাদক আসিফ ইকবাল, অর্থ সম্পাদক পিনাক সাধু খান, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক ফয়সাল আনোয়ার, জনসংযোগ সম্পাদক ফাবলিহা এনাম চৌধুরী, মিডিয়া ও ডকুমেন্টেশন সম্পাদক তাফান্নুম তাহের, অফিস সম্পাদক মনিকা চৌধুরী, রিসার্চ সম্পাদক ওয়াসিমা মাহপারা এবং প্রোগ্রাম পরিকল্পনা সম্পাদক মইন উদ্দিন আহমেদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ কৌশল বিভাগের বিভাগীয় প্রধান ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. আয়েশা আক্তার। পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক এ টি এম শাহজাহান এবং সংগঠনটির প্রধান মডারেটর সহকারী অধ্যাপক নাহিদা সুলতানা।

অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে আন্তর্জাতিক ইস্যুগুলো নিয়ে পাবলিক স্পিকিং চর্চার ক্ষেত্র তৈরি করতে চুয়েট এম ইউ এন ক্লাব যে পথচলা শুরু করেছে তা আসলেই প্রশংসার যোগ্য। বর্তমান যুগে নেটওয়ার্কিং স্কিল রাখা অতি গুরুত্বপূর্ণ যা এম ইউ এন ক্লাব এর মাধ্যমে শিক্ষার্থীরা শিখতে পারতেছে।

আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদায়ী কমিটির সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন। এরপর সংগঠনটির বিগত এক বছরের কার্যক্রম নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র উপস্থিতির সামনে প্রদর্শন করেন বিদায়ী সহ-সভাপতি শাকিল ইকবাল আহমেদ।

উল্লেখ্য ২০১৯ সালে চুয়েট মডেল ইউনাইটেড ন্যাশন্স ক্লাব প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের প্রকৌশল বিদ্যাপীঠ গুলোর মধ্যে চুয়েটেই প্রথম এরকম ক্লাব প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই চুয়েট শিক্ষার্থীদের মাঝে ইংরেজি ভাষায় পাবলিক স্পিকিং ও বিতর্ক এবং নেটওয়ার্কিং ও লিডারশীপের মত গুরুত্বপূর্ণ দক্ষতা গুলো গড়ে তুলতে কাজ করে যাচ্ছে ক্লাবটি।