চুয়েট বাস: শিক্ষার্থীদের যাতায়াতের নিষেধ থাকলেও ব্যবহার করতে পারেন স্থানীয় যাত্রীরা

চুয়েটনিউজ২৪ প্রতিনিধিঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পরিবহনের জন্য বরাদ্দকৃত বাস শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহারে নিষেধ থাকলেও তা নির্বিঘ্নে ব্যবহার করতে পারে বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কিত নয় এমন স্থানীয় যাত্রীরা।  শিক্ষার্থীদের  অভিযোগ  চুয়েটর শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত দুইটি বাসে শিক্ষার্থীদের উঠতে না দেয়া হলেও তাতে প্রায় নিয়মিতই ভাড়ার বিনিময়ে বাহিরের যাত্রীদের বাসে চড়তে দেয়া হয়।

জানা যায়, চুয়েটে আজ রবিবার থেকে পূজার একাডেমিক ছুটি শুরু হওয়ার কথা থাকলেও গতকাল শনিবার শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সকাল সাড়ে আটটার বাস ক্যাম্পাস ছেড়ে যায়নি। তবে শিক্ষকদের জন্য একটি ও কর্মকর্তা-কর্মচারিদের জন্য অপর আরেকটি বাস এদিন দুপুরে ক্যাম্পাস ছেড়ে যায়। এসময় কয়েকজন শিক্ষার্থী বাসে উঠতে চাইলে তাদেরকে উঠতে দেয়া হয়নি।
এদিকে গতকাল রাত আটটায় দুইটি বাস চুয়েট অভিমুখে চট্টগ্রাম স্টেশন ছেড়ে রওনা দেয়ার মুহূর্তে একজন শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীদের বাসে উঠতে চাইলে তাকে বাধা দেয়া হয়। এসময় বাসের কর্মচারী তাকে জানায় চুয়েটের যানবাহন শাখার প্রধান কোনভাবেই বাসে শিক্ষার্থীদের বহন করতে নিষেধ করেছেন।পরে রাত আনুমানিক সাড়ে আটটায় বাস নগরীর বহদ্দারহাটে পৌঁছালে বাসের পিছনের দরজা খুলে দিয়ে চুয়েটের সাথে সম্পর্কিত নয় এমন প্রায় ৩০ জন স্থানীয় যাত্রীকে বাসে উঠানো হয় এবং ভাড়ার বিনিময়ে তাদের প্রয়োজনমত বিভিন্ন স্থানে বাস থামিয়ে নামিয়ে দেয়া হয়।

মোঃ আজাহারুল ইসলাম নামের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, শিক্ষক ও কর্মচারীদের বাস খালি থাকলেও তাতে শিক্ষার্থীদের না তুলে বাইরের যাত্রীদের নেয়া হয়। এখন আবার অনেকটা নিয়ম করেই শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বাসগুলোতেও বাহিরের যাত্রী নেয়া হয়, যার ফলে অনেক শিক্ষার্থীদেকে প্রায়ই দাঁড়িয়ে যাতায়াত করতে হয়।
এব্যাপারে জানতে যানবাহন শাখার প্রধান ড. কাজী দেলোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিলে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তারিখ: ১৮.১০.২০১৫