চুয়েটনিউজ২৪ ডেস্কঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের ধর্মীয় সংগঠন পূজা উদযাপন পরিষদের সরস্বতী পূজা পূর্ববর্তী মতবিনিময় সভা ও প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২১ জানুয়ারি (রবিবার) বিকাল ৪ টায় ছাত্র-শিক্ষক মিলনায়তনের তৃতীয় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় পূজা উদযাপন পরিষদ এর নতুন কমিটি তাদের সামনের দিনের পরিকল্পনা উপস্থাপন করে। পাশাপাশি প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে পূজা উদযাপন পরিষদে বরণ করে নেয়া হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. নিপু কুমার দাশ, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. সম্পদ ঘোষ, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন কুমার রায় এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রভাষক আদিত্য চৌধুরী। উপস্থিত অতিথিবৃন্দ নতুন কমিটি এবং সকল সদস্যের উদ্দ্যেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিরুদ্ধ দেব অর্ক চুয়েট নিউজকে বলেন, শ্রী শ্রী বাণী বন্দনা ১৪৩০ এর উৎসবে আবারো মেতে উঠতে চলেছে চুয়েট ক্যাম্পাস। সনাতনী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই পূজোর প্রস্তুতিমূলক কার্যক্রম অব্যাহত আছে। শ্রদ্ধেয় শিক্ষকদের দিকনির্দেশনা সাথে নিয়ে এবারও সকলে মিলে আমরা পূজোর সকল কার্যক্রম সম্পন্ন করতে চলেছি। সকলকে আমাদের বাণী বন্দনায় আমন্ত্রণ রইলো।