চুয়েটনিউজ২৪ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(চুয়েট) ছায়া জাতিসংঘের(এমইউএন) ২০২৩-২৪ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন চুয়েটের মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিননিয়ারিং(এমআইই) বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আসিফ আলম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল(ইইই) বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সৌমিত্র মজুমদার।

আজ রবিবার (১৩ আগস্ট) বিকাল ৫ টা’য় বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি যৌথভাবে ঘোষণা করেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি ইশরাক আহমেদ এবং তুর্যয় ধর। কার্যনির্বাহী ও সহযোগী পদ নিয়ে ৩৮ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সহ সভাপতি পদে মনোনীত হয়েছেন মেজবাহ সালেহীন(আডমিন), মো. ফাহিম হোসেন(টেকনিক্যাল), মো. কামরুল হাসান(ডেলিগেট অ্যাফেয়ার্স),প্রমিত পাল(লজিস্টিক), যুগ্ম সাধারণ সম্পাদক পদে তাহসিন নওরোজ এবং সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন তুনজা চক্রবর্তী।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির শিক্ষক সমন্বয়ক কমিটির প্রধান ও চুয়েটের এমআইই বিভাগের প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টা ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আয়েশা আখতার এবং সংগঠনের মডারেটর ও ইইই বিভাগের সহকারী অধ্যাপক জিতু প্রকাশ ধর।
ছায়া জাতিসংঘের লক্ষ্য ও উদ্দেশ্য জানতে চাইলে নবনির্বাচিত সভাপতি আসিফ আলম বলেন,চুয়েট মডেল ইউনাইটেড নেশনস ক্লাব(ছায়া জাতিসংঘ) এর অগ্রযাত্রা কে যেনো আরো বেগবান করতে পারি এবং আন্তর্জাতিক পরিমন্ডলে চুয়েটকে সুপরিচিত করতে পারি, তার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ৷ এ পথচলায় সবার সহযোগিতা একান্ত কাম্য৷ আমি মনে করি এ সংগঠনটি বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছায়া জাতিসংঘ অনুশীলনের পথিকৃৎ। এই ছাত্র-কেন্দ্রিক সংঘের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মাঝে কূটনীতি চর্চার মাধ্যমে তাদের দক্ষতা ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো।
উল্লেখ্য, চুয়েট ছায়া জাতিসংঘ সংগঠনটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর আন্ত:বিভাগ সভা ও আন্তঃবিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলনের মতো নানান আয়োজন করে আসছে।