কাম্রুজ্জামানঃ
দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর আগামী ২০অক্টোবর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট) খুলছে। আজ একাডেমিক কাউন্সিলের ১৩৪তম (জরুরী) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র চতুর্থ বর্ষের প্রায় ৮০০ শিক্ষার্থীদের জন্য ২০অক্টোবর আবাসিক হল গুলো খুলছে। ২৮ অক্টোবর এই বর্ষের ইউআরপি, স্থাপত্য এবং পিএমই বিভাগের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে। এরপর ৪ ও ১১ নভেম্বর থেকে সকল বিভাগের পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে।
বাকি তিন বর্ষের শিক্ষার্থীদের ও পর্যায়ক্রমে হলে ওঠানো হবে। একাডেমিক ক্যালেন্ডার সচল রাখার উদ্দেশ্যে বাকি তিন বর্ষের শিক্ষার্থীদের অনলাইন পরীক্ষা চলমান থাকবে। এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল আলম। তিনি বলেন, আগামী মাসে প্রথম দ্বিতীয় ও তৃতীয় শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অনলাইন পরীক্ষা শেষ হয়ে যাবে। বর্তমানে আমরা চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করছি। এসব শিক্ষার্থীদের শারিরীক অবস্থা ও করোনার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে ধাপে ধাপে বাকি শিক্ষার্থীদেরকে ও বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবো।
শিক্ষার্থীদের আবাসনের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুসরণ করা হচ্ছে। কোভিড-১৯ টিকার প্রথম ডোজ টিকা গ্রহণকারী শিক্ষার্থীরা টিকা কার্ড প্রদর্শন করে হলে প্রবেশ করতে পারবেন। যেসব শিক্ষার্থী কোভিড-১৯ এর টিকা গ্রহণ করতে পারেনি তাদেরকে জন্ম নিবন্ধন সনদসহ ছাত্রকল্যাণ দপ্তরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, চুয়েটের ৭টি হলের সবগুলো করোনা মহামারীর কারণে গত মার্চ মাস থেকে বন্ধ ছিলো। দীর্ঘ সময় পর বিশ্ববিদ্যালয় খোলার সংবাদে শিক্ষার্থীদের মাঝে আনন্দের স্রোত বয়ে যাচ্ছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের উচ্ছাস বলছে, সবুজে ভরা এই প্রাংগনে আবার তারা প্রাণ ফিরে পাচ্ছে।