তারিকুল হক জুম্মানঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আবাসিক শিক্ষার্থীদের সুবিধার্থে হলগুলোতে ওয়াশিং মেশিন সেবা চালু হয়েছে। গত ১২ই জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ৫ টি ছাত্র হল (বঙ্গবন্ধু হল, শহীদ মোহাম্মদ শাহ হল, শহীদ তারেক হুদা হল, ড. কুদরত ই খুদা হল ও শেখ রাসেল হল) এবং মেয়েদের ১ টি হলে (শামসেন্নাহার খান হল) মোট ১৪ টি ওয়াশিং মেশিন একযোগে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়।
স্থাপিত এসব ওয়াশিং মেশিন ব্যবহার করা যাবে ‘ইউর ক্যাম্পাস’ অ্যাপের মাধ্যমে । বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ইউর ক্যাম্পাস’ এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত সেবাটি পেতে হলে শিক্ষার্থীদেরকে প্রথমেই গুগল প্লে স্টোর থেকে YOUR CAMPUS অ্যাপটি ইনস্টল করে নিতে হবে।
ইনস্টল করার পর নিজের ফোন নাম্বর (অবশ্যই ডিভাইসে সিমটি থাকতে হবে) দিয়ে প্রাথমিক রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। প্রাথমিক রেজিস্ট্রেশন করার পর শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য যেমন নাম, জন্মতারিখ ইত্যাদি প্রদান করতে হবে। তারপর ক্যাম্পাস অপশনে গিয়ে CUET কে সিলেক্ট করতে হবে এবং হল অপশনে শিক্ষার্থীরা নিজ নিজ হলকে সিলেক্ট করবে। এভাবেই শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি সম্পন্ন হবে।
প্রোফাইল তৈরির পর কাপড় ধোয়ার জন্যে অ্যাপের YOUR LAUNDRY অপশন এ ক্লিক করতে হবে। তারপর ৪টি ধাপ অনুসরণ করতে হবে। ধাপসমূহঃ Choose location➡Choose date➡Wash type➡Choose time slot.
তারপর বরাদ্দকৃত নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা ওয়াশিং মেশিন ব্যবহার করতে পারবে।
ব্যবহারে সময় যাতে মেশিনের ক্ষতি না হয় সে কারণে নিম্নোক্ত কয়েকটি নিয়ম শিক্ষার্থীদের অনুসরণ করতে হবে।
করণীয়ঃ
১.কাপড় ধোয়ার পূর্বে পকেট খালি এবং জিপার লাগানো থাকতে হবে।
২.চাপাচাপি করে কাপড় দেয়া যাবে না এবং পর্যাপ্ত জায়গা খালি রাখতে হবে।
৩.ডিটারজেন্ট দেয়ার পর ভালোভাবে ড্রয়ার লাগাতে হবে।
৪.কাপড় দেয়ার পর অবশ্যই মেশিনের দরজা লাগাতে হবে।
৫.ধোয়া শেষে সময়মতো মেশিন থেকে কাপড় সংগ্রহ করতে হবে।
৬.মেশিনের ত্রুটিতে কাস্টমার সাপোর্টে ফোন করতে হবে।
বর্জনীয়ঃ
১.সিলেক্টেড ওয়াশ মোডের বাইরে অন্য টাইপের কাপড় দেয়া যাবে না।
২.মেশিন চলাকালে কোনভাবেই ডিটারজেন্ট ড্রয়ার খোলা যাবে না।
৩.সাদা কাপড় ও রং উঠে এমন কাপড় একসাথে দেয়া যাবে না।
৪.কম্বল,বালিশ,পাপোশ,ব্যাগ এ জাতীয় জিনিস ওয়াশিং মেশিনে দেয়া যাবে না।
৫.বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন এবং দরজায় বল প্রয়োগ করা যাবে না।
৬.ওয়াশিং মেশিনে বসা এবং এর পাশে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ।
উল্লেখ্য, প্রতিবার ব্যবহারে প্রায় ৬০ থেকে ৯০ মিনিট সময়ে প্রায় ২০ থেকে ২৫ টি কাপড় ধোয়া যাবে এবং এতে খরচ করতে হবে ৫০ টাকা (৫০ ক্রেডিট)। এ সময় ডিটারজেন্ট নিজেকেই সরবরাহ করতে হবে। আর, খরচ অবশ্যই উক্ত অ্যাপের মাধ্যমে পরিশোধ করতে হবে। অ্যাপে Add Credit অপশনে গিয়ে বিকাশ, নগদ বা কার্ড নাম্বার ব্যবহার করে ব্যবহারকারীকে ক্রেডিট কিনতে হবে। প্রতি ক্রেডিট এক টাকা করে।