চবি সাংবাদিক সমিতির সদস্যের উপর হামলার ঘটনায় চুয়েট সাংবাদিক সমিতির নিন্দা ও প্রতিবাদ

চুয়েটনিউজ২৪ ডেস্ক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষের সংবাদ প্রকাশের জেরে চবি সাংবাদিক সমিতির সদস্য ও দৈনিক প্রথম আলোর চবি প্রতিনিধি মোশাররফ শাহের উপর ছাত্রলীগ কর্তৃক মারধরের তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে চুয়েট সাংবাদিক সমিতি।

আজ রবিবার সমিতির দপ্তর সম্পাদক জেরিন সুলতানা স্বাক্ষরিত এক বিবৃতিতে সভাপতি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক নির্যাতনের এমন ঘটনায় আমরা স্তম্ভিত ও ক্ষুব্ধ। বাক স্বাধীনতা গণতন্ত্রের সবচেয়ে মৌলিক অধিকার। এ অধিকার সুরক্ষা ও সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব। এমন ঘটনা গণমাধ্যমের বাক-স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে।

বিবৃতিতে আরো বলা হয়, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও দ্রুততম সময়ের মধ্যে কঠোর শাস্তির ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাই।

উল্লেখ্য, আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে চবি ক্যাম্পাসের দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদের সামনে চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হকের অনুসারী ১৫ থেকে ২০ জন ছাত্রলীগ কর্মী তাঁকে মারধর করে। মারধরের সময় নেতা-কর্মীরা তাঁকে পরবর্তীতে আর ছাত্রলীগ নিয়ে প্রতিবেদন করলে দেখে নেয়ার হুমকি দেন। এদিকে মারধরের ঘটনার কিছু পরেই চবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ।