চুয়েটনিউজ২৪ ডেস্কঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পদার্থবিজ্ঞান বিভাগের আয়োজনে আগামীকাল রোববার থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুদিনব্যাপী পদার্থবিজ্ঞান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। ১০ ও ১১ ডিসেম্বর নগরের স্টেশন রোডের মোটেল সৈকতে ‘টেকসই উন্নয়ন ও প্রযুক্তির জন্য পদার্থবিদ্যা’ এই শিরোনামের আন্তর্জাতিক এই সম্মেলন অনুষ্ঠিত হবে ।
এই উপলক্ষে গতকাল শুক্রবার বিকাল সাড়ে চারটায় নগরের মোটেল সৈকতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এই সম্মেলনের সভাপতি এবং চুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফারুক-উজ-জামান চৌধুরী, সম্মেলনের টেকনিক্যাল কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আব্দুর রশিদ সহ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষকরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সম্মেলন কমিটির সদস্য সচিব এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন। তিনি বলেন, সম্মেলনে সুইডেন, জাপান, ভারত , সৌদি আরবসহ বিশ্বের ১১টি দেশের শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, পেশাজীবী এবং উদ্যোক্তারা অংশ নিবেন। প্রথমদিনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সুইডেনের উপশালা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার নরদব্লাদ, জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাতোশি ওয়াতাউছি এবং একই বিশ্ববিদ্যালয়ের গবেষক মাসানোরি নাগাও।
অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন বলেন, রোববার অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম।
সংবাদ সম্মেলনে বলা হয়, সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ২০০ টি গবেষণাপত্র জমা পড়ে। এর মধ্যে ১৫০ টি গবেষণা পত্র গৃহীত হয়। এর মধ্যে ৯১ টি মৌখিকভাবে উপস্থাপন করা হবে এবং বাকী ৫৯টি পোস্টারের মাধ্যমে প্রদর্শিত হবে।
তারিখঃ ০৯/১২/২০১৭ ইং
