চুয়েটনিউজ২৪ ডেস্কঃ
২০ জুলাই,বৃহস্পতিবার। ঘড়ির কাটায় সন্ধ্যা ৭ টা বেজে পঞ্চাশ মিনিট। চুয়েটের কেন্দ্রীয় মাঠে একটি সেলেস্ট্রন ১০০ এজেড মডেলের প্রতিসারক দূরবীন এবং একটি ইউনিস্টেলার ইকোনক্স স্মার্ট দূরবীন বসিয়ে দূর আকাশের নক্ষত্রগুলো পর্যবেক্ষণে ব্যস্ত কয়েকজন যুবক। লেন্সের পরিমাপ বারবার পরিবর্তন করে খুজছে যেন অজানা কিছু, এ এক আবিষ্কারের মোহে বিমহিত প্রাণ, অজানাকে জানার ,অদেখাকে দেখার চেষ্টা। কাছে যেতেই জানা গেল তারা ও মহাকাশ গবেষনা প্রতিষ্ঠান ‘দূরবীন’র এবং চুয়েটের অ্যান্ড্রোমেডা স্পেস এন্ড রোবটিক্স রিসার্চ অর্গানাইজেশনের (অ্যাসরো) প্রতিনিধি দল।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) রোবটিক্স ও মহাকাশ গবেষনা সংগঠন অ্যাসরোর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ক দুইদিন ব্যাপী অনুষ্ঠান অ্যাসরোনট ২.০ । গত ১৯ জুলাই (বুধবার) শুরু হওয়া এ আয়োজনের ২য় দিনের অংশ হিসেবে প্রতিনিধি দলটি মহাকাশ গবেষণায় ব্যস্ত ছিলো ।
এর আগে আয়োজনের প্রথম দিনে(বুধবার) চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের সেমিনার কক্ষে ন্যানো স্যাটলাইট বিষয়ক একটি সেমিনারের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। সেমিনারে বক্তব্য পর্যায়ে বিশদ আলোচনা করেন দেশের হয়ে মহাকাশে প্রথম ন্যানোস্যাটেলাইট উৎক্ষেপণকারি ‘ব্র্যাক অন্বেষা’ এর প্রতিনিধি দল।

প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতি নিয়ে অনুষ্ঠিত এই সেমিনারে ব্র্যাক অন্বেষার সদস্যবৃন্দ নিজেদের অভিজ্ঞতার বর্ণনা করেন এবং ন্যানোস্যাটেলাইট কৌশল সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন চুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রভাষক কামরুল হাসান, আদিত্য চৌধুরী ও সাগর মুৎসুদ্দী ।
২০ জুলাই(বৃহস্পতিবার) দ্বিতীয় দিনের প্রথম পর্বে মহাকাশ এবং জ্যোতির্বিজ্ঞান নিয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এস্ট্রোনমি সোসাইটির অফিসিয়াল সেক্রেটারি ও চুয়েটের গনিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. নুর মোহাম্মদ। স্বাগত বক্তব্যে বক্তারা এ ধরনের আয়োজনের প্রশংসার পাশাপাশি মহাকাশ এবং জ্যোতির্বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

দূরবীনের জাতীয় স্বেচ্ছাসেবক হাসান মাহমুদ সজীবের পরিচালনায় উক্ত আলোচনা সভায় শিক্ষার্থীদের জন্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে ছিলো ফাক্টরি নেক্সট , স্টেলার, সহযোগী হিসেবে দুরবীন, ব্রাক অন্বেষা এবং পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো চুয়েটনিউজ২৪ ডট কম।