জিআইএস কেস প্রতিযোগিতায় চুয়েটের একই বিভাগের দুই বন্ধুর সাফল্য

জারীন তাসমীন সাবা:

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘সেনোভেশন’। পরিবেশ, প্রযুক্তি ও নগর পরিকল্পনাভিত্তিক জটিলতা সমাধানের লক্ষ্যে এই অনুষ্ঠানটিতে আয়োজিত হয় বিভিন্ন ভাবনাশীল ও সৃজনশীল প্রতিযোগিতা। এর অন্যতম আকর্ষণ ছিল জিআইএস কেস প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা ভূস্থানিক তথ্য ও পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে সমস্যার সমাধান উপস্থাপন করেন।

গত ২৫ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেয় ৬টি দল। এতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মুনতাহা কাদির। প্রথম রানারআপ হয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী নির্জন বড়ুয়া এবং দ্বিতীয় রানারআপ হয় একই বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আবির।

নিজের অভিজ্ঞতা জানিয়ে নির্জন বড়ুয়া বলেন, আমি শুধু শেখার উদ্দেশ্যেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। চূড়ান্ত পর্বে যাব, সেটা কল্পনাও করিনি। একেবারেই অপ্রত্যাশিতভাবে প্রথম রানারআপ হতে পেরে আমি খুবই খুশি। শেষে নিজের কাজ নিয়ে সন্তুষ্ট ছিলাম । তবে আমার বন্ধু নারদ অধিকারীকে ছাড়া এটা অসম্ভব ছিল। আয়োজনটি ছিল অত্যন্ত মানসম্মত, এবং অনেক কিছু শেখার সুযোগ হয়েছিল।

অন্যদিকে দ্বিতীয় রানারআপ আবদুল্লাহ আবির বলেন, ‘জিআইএস ইজ ফান’—এটাই আমি বিশ্বাস করি। জিআইএস বিষয়টি একাডেমিক পড়াশোনায় আমার সবচেয়ে প্রিয়। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেক নতুন কিছু শিখেছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মানুষের সঙ্গে পরিচয় ও যোগাযোগ হয়েছে। আশা করি ভবিষ্যতেও এমন অনেক প্রতিযোগিতা আয়োজিত হবে।