২১দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে চুয়েট শিক্ষার্থীদের প্রশাসনিক ভবন ঘেরাও

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাধারণ শিক্ষার্থীদের প্রস্তাবকৃত ২১ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় প্রশাসনিক ভবন ঘেরাও ও বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১ টা নাগাদ উক্ত কর্মসূচি পালন করেন উক্ত বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে গোলচত্বরের সামনে থেকে একটি মিছিল বের করা হয় যা প্রশাসনিক ভবন পর্যন্ত এগিয়ে যায়। এসময় তারা উক্ত ভবন ঘেরাও করে অবস্থান নেন ও সমাবেশ করেন। সমাবেশে বিক্ষোভরত শিক্ষার্থীরা দাবি করেন, পূর্বে প্রস্তাবকৃত ২১ দফা দাবি সময়মত বাস্তবায়নে কালক্ষেপন করছে প্রশাসন। ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের ব্যাপারে এখনও ব্যবস্থা নেওয়া হয়নি। বিভিন্ন দাবি পূরণের জন্য প্রশাসনের পক্ষ থেকে সময় চাওয়া হয়। তবে, পর্যাপ্ত সময় পেরিয়ে গেলেও এখনও এব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। এজন্য তাদের এমন কর্মসূচি পালিত হয়েছে।

এসময় শিক্ষার্থীদের কর্মসূচির প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে একটি মতবিনিময় সভার  আয়োজন করে সেখানে প্রশাসনের অবস্থান তুলে ধরা হয়। এ ব্যাপারে তদন্ত কমিটির রিপোর্ট প্রদানের ব্যাপারে সময় চাওয়ার কথাও বলা হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চুয়েটনিউজ২৪ কে জানান, শিক্ষার্থীরা মূলত তাদের ২১ দফা দাবির মধ্যে আজকে একটি দাবির ব্যাপারে বিশেষভাবে বলেছে, জোড় দিয়েছে। তাদের এই দাবির প্রেক্ষিতে পূর্বেই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তবে উক্ত কমিটি রিপোর্ট প্রদানের ব্যাপারে কিছুটা সময় চেয়েছে। আসলে আমরা সবাই চাই সবকিছু নিয়মমাফিক হোক। একটু সময় লাগলেও যেন সুষ্ঠু তদন্ত হোক। ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ। এখানে পেশি শক্তি ব্যবহার, মবজাস্টিস না হোক। তদন্ত কমিটিকে ইতোমধ্যেই আরও দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট দেয়ার জন্য বলা দেয়া হয়েছে। আরও একটা কমিটির সাথে আগামীকাল বৈঠক করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহাফুজার রহমান মোহাব্বত বলেন,আমরা পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের দ্রুত বিচার ও বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংস্কার চেয়ে দেয়া ২১ দফা দাবি তুলে ধরি। তবে এ ব্যাপারে প্রশাসনের কালক্ষেপণ করায় আমরা আজ প্রতিবাদ সমাবেশ করেছি। আমরা চাই দ্রুত দোষীদের শাস্তির ব্যবস্থা করা হোক। ক্যাম্পাস সংস্কার আরো দ্রুততার সাথে করা হোক। এছাড়াও, চুয়েটে দ্রুততম সময়ে ভিসি নিয়োগ করতে হবে।

উল্লেখ্য, গত ৫ ই আগস্ট সরকার পতনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে নতুন করে সংস্কারের দাবি উঠে। চুয়েটেও সাধারণ শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রমে সংস্কারের দাবি জানান। গত ৮ই সেপ্টেম্বর একটি মতবিনিময় সভায় অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনের নিকট তাদের দাবিসমূহ তুলে ধরেন। এর মধ্যে বাসের রুট পরিবর্তন, রিকশাভাড়া কমানো, তিন নং ক্যান্টিন তদারকি, মেয়েদের নামাজের ব্যবস্থা ইত্যাদি ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করলেও সময়মত বাকি দাবি আদায় পূরণ করার দাবিতে আজ মিছিল, সমাবেশ এবং প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা।