তানবির আহমেদ চৌধুরীঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর হামলা ও নির্বিচার হত্যার প্রতিবাদ, মামলা প্রত্যাহার, গুম-আটক শিক্ষার্থীদের মুক্তি, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ বেশ কিছু দাবিতে দেয়াললিখন ও বিভিন্ন লেখা সংবলিত গ্রাফিতি এঁকেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।


আজ শুক্রবার সকাল ১১টা থেকে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার দেয়ালে গ্রাফিতি অঙ্কন করেন শিক্ষার্থীরা। নিজেদের সংগৃহীত কিছু টাকা ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতায় রং-তুলি কিনে তাঁরা গ্রাফিতি ও দেয়াল লিখছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দেয়াললিখনের মধ্যে ছিল ‘হামার বেটাক মারলু কেনে?’, ‘ছাত্র যদি ভয় পাইতো বন্দুকের গুলি, উর্দু থাকতো রাষ্ট্রভাষা, উর্দু থাকতো বুলি’, ‘একটা মানুষ মারতে কয়টা গুলি লাগে স্যার’, ‘বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর’, ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘তুমিও মানুষ, আমিও মানুষ, তফাৎ শুধু শিড়দাঁড়ায়’, ‘সামনে আসছে ফাগুন, আমরা হবো দ্বিগুণ’, ‘তুমি কে আমি কে, বিকল্প বিকল্প’, ‘মেধা শহীদ’, ‘আমি মেট্রোরেল হতে চেয়েছিলাম, খোদা আমাকে ছাত্র বানালো’, ‘নো স্টুডেন্ট পলিটিক্স ইন চুয়েট’, ‘রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও লিখবো ইনকিলাব’, ‘তোর কোটা তুই নে, শহিদ ভাইদের ফিরিয়ে দে’ প্রভৃতি।



পুরকৌশল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রাইসা শারমিন মুর্তজা বলেন, দেশের সাধারন শিক্ষার্থীদের উপর সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নিষ্ঠুর নিপীড়ন ও নির্যাতন, গণহত্যা এবং গণতান্ত্রিক মতামতের বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক আচরণের প্রতিবাদ স্বরূপ আজ আমাদের এই গ্রাফিতি কর্মসূচী। এই গ্রাফিতি কর্মসূচিও প্রতিবাদের ভাষা।
একই বর্ষের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের আরেক শিক্ষার্থী আদিল রায়হান বলেন, মূলত আমরা চুয়েটের সাধারণ শিক্ষার্থীরা সাম্প্রতিক সময়ে সংঘটিত আমার ভাই-বোনদের হত্যা, আটক, গ্রেফতারসহ শিক্ষকদের অবমাননা ও শিক্ষার্থীদের মুক্তির দাবি নিয়ে রং তুলি হাতে নিয়েছি। অহিংস প্রতিবাদের ভাষা হিসেবে আমরা গ্রাফিতি ও দেয়াল লিখনের মাধ্যমে আমাদের মতামত, ও কন্ঠস্বরকে স্পষ্ট করার চেষ্টা করেছি।