পর্যাপ্ত ক্লাসরুম বরাদ্দের দাবিতে ইটিই বিভাগের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

চুয়েটনিউজ২৪ ডেস্ক:
পর্যাপ্ত ক্লাসরুম বরাদ্দের দাবিতে ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টা নাগাদ উক্ত অবস্থান কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অবস্থানরত শিক্ষার্থীরা দাবি করেন, দীর্ঘদিন যাবৎ তারা ক্লাসরুম সংকটে ভুগছে। দূর্গাপূজার বন্ধের প্রায় দুই সপ্তাহ আগে থেকে পর্যাপ্ত ক্লাসরুম বরাদ্দের ব্যাপারে ইটিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আজাদ হোসেইন- এর কাছে দাবি জানানো হয়। পরবর্তীতে তিনি জরুরি প্রশাসনিক ও আর্থিক কাজে দায়িত্বপ্রাপ্ত পুর ও পরিবেশ অনুষদের ডিন অধ্যাপক সুদীপ কুমার পাল, তড়িৎ ও কম্পিউটার অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামসুল আরেফিনের সাথে আলোচনা করে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ক্লাসরুমের ব্যবস্থা করার আশ্বাস দেন। তবে দাবি উত্থাপনের এক মাস পর ও তা বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীরা এই কর্মসূচি হাতে নেন। 

ইটিই বিভাগের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম জানান, মোট পাঁচটা ব্যাচকে দুইটা ক্লাসরুমের মধ্যে শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হয়। এক ব্যাচ নতুন লাইব্রেরি বিল্ডিংয়ের নিচে তো অন্য ব্যাচ সিম্যুলেশন ল্যাবে , একটা ক্লাস ল্যাবে তো আরেকটা ক্লাস ১২ তলা বিল্ডিংয়ের নীচতলায়। আবার সপ্তাহে দুই-তিনদিন এমন হয় যে, ১০টা ৪০ এ ল্যাব বা ক্লাস শেষ করে অন্য ক্লাস বা ল্যাব শুরু করতে হয় ২ টা ৩০ এ। এতে করে আমাদের অনেক সময় নষ্ট হয়। ক্লাসরুম সংকটের কারণে ৮টা ৩০ এ সিটি দিতে না পেরে ক্লাসটাইমে দিতে হয়। এমতাবস্থায় ক্লাসরুমের এই সংকট না কাটা পর্যন্ত আমরা আর ক্লাসরুমে ফিরছি না।

এ ব্যাপারে জানতে চাইলে ইটিই’র বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আজাদ হোসেইন বলেন, শিক্ষার্থীরা ক্লাসরুমের দাবি নিয়ে এসেছিলো। এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপাচার্যের সাথে কথা হয়েছে। আপাতত তাদের ক্লাসরুমের জন্য একটা সমাধান দেয়া হয়েছে। তবে, এ ব্যাপারে শীঘ্রই স্থায়ী সমাধানে আসা যাবে।

অবস্থান কর্মসূচি চলাকালীন দুপুর আড়াইটায় অধ্যাপক ড. সুদীপ কুমার পাল প্রশাসনিক ভবনের সামনে অবস্থানরত শিক্ষার্থীদের ভবনের ভিতরে ডেকে তাদের সাথে কথা বলেন। তখন তিনি শিক্ষার্থীদের চারটি ক্লাসরুম বরাদ্দের ব্যাপারে নিশ্চয়তা প্রদান করেন। ক্লাসরুম চারটি হলো অ্যাকাডেমিক ভবন ৩ এর একতলা ও আটতলায় দুটি রুম, ইস্ট গ্যালারি এবং ওয়েস্ট গ্যালারি।  তিনি বলেন,  শিক্ষার্থীদের দাবী যৌক্তিক। তবে আমাদেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। শিক্ষার্থী অনুপাতে ক্লাস সংখ্যা বাড়ে নি। তবে, ইটিই বিভাগের শিক্ষার্থীদের জন্য  একটা সমাধান বের করে আপাতত ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে। দ্রুতই স্থায়ী একটি ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, পর্যাপ্ত ক্লাসরুম বরাদ্দের দাবিতে ইতিমধ্যে ২১ ব্যাচের সাধারণ শিক্ষার্থীরা গত মঙ্গলবার (২২ অক্টোবর) থেকে ক্লাস বর্জন করছে।