চুয়েটে স্নাতক প্রথম বর্ষের দ্বিতীয় পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু

চুয়েটনিউজ ২৪ ডেস্ক :

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের দ্বিতীয় পর্যায়ের ভর্তি কার্যক্রম আজ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলে।

এর আগে গত ২৩ জানুয়ারি ভর্তি পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করা হয়। প্রথম পর্যায়ে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তির জন্য মূল মেধাতালিকার প্রথম ১,২৫০ জন, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী তালিকার প্রথম ১০ জন এবং রাখাইন সম্প্রদায়ের ১ জন শিক্ষার্থীকে নিরীক্ষা বোর্ডে উপস্থিত থাকতে বলা হয়েছিল। পাশাপাশি স্থাপত্য বিভাগের জন্য মূল মেধাতালিকার প্রথম ৭৫ জন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী তালিকার ১ জন শিক্ষার্থীকে উপস্থিত থাকতে বলা হয়।

প্রথম পর্যায়ের ভর্তি শেষে কিছু আসন শূন্য থাকায় দ্বিতীয় পর্যায়ে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তির জন্য মূল মেধাতালিকার ১,২৫১তম থেকে ২,৫০০তম স্থানধারী শিক্ষার্থী, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী তালিকার ১১তম থেকে ২০তম স্থানধারী শিক্ষার্থী এবং রাখাইন সম্প্রদায়ের ২য় মেধাস্থানধারী শিক্ষার্থীকে নিরীক্ষা বোর্ডে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া স্থাপত্য বিভাগের জন্য মূল মেধাতালিকার ৭৬তম থেকে ১২৫তম স্থানধারী শিক্ষার্থীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিরীক্ষা বোর্ডের মাধ্যমে প্রার্থীদের সনদপত্র যাচাই করে জমা নেওয়ার পর একই দিনে তাদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হবে। এরপর আগামীকাল ১১ মার্চ সকাল ১০টায় প্রাপ্ত বিভাগ দেখে নির্ধারিত ভর্তি ফি ১৮,৫০০ টাকা সোনালী ব্যাংক, চুয়েট শাখায় বিকাল ৩টার মধ্যে জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। তবে কোনো প্রার্থী স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়ার পর কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে একই দিনেও ব্যাংকে ফি জমা দিতে পারবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বিতীয় পর্যায়ের ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরও আসন খালি থাকা সাপেক্ষে নবীনবরণ অনুষ্ঠান পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান থাকবে।