তানভীর আহমাদঃ
প্রকৌশলী অধিকার আন্দোলনে উত্থাপিত শিক্ষার্থীদের তিন দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষক সমিতি। এছাড়া, গত ২৭ আগস্ট (বুধবার) শাহবাগে দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে অতর্কিত পুলিশি হামলার ঘটনায় গভীর নিন্দা প্রকাশ করেছে তারা।
গত ২৮ আগস্ট(বৃহস্পতিবার) রাতে এক বিবৃতিতে তারা জানায়, প্রকৌশলী অধিকার আন্দোলনের উত্থাপিত ন্যায্য দাবি সমূহ তারা গভীরভাবে লক্ষ্য করে। এই দাবিগুলোর মধ্যে রয়েছেঃ ইঞ্জিনিয়ারিং বা সহকারী প্রকৌশলী পদে নিয়োগে প্রতিযোগিতামূলক পরীক্ষা নিশ্চিত করা এবং কোনো কোটার মাধ্যমে বা সমমান পদ তৈরি করে নিয়োগ বা পদায়ন করা যাবে না। টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার জন্য ডিপ্লোমা এবং বিএসসি ডিগ্রীধারীদের জন্য উন্মুক্ত করা এবং ১০০% ডিপ্লোমা কোটা বন্ধ করা। প্রকৌশলী পদবী ব্যবহারের ক্ষেত্রে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া যাতে প্রকৌশলী ডিগ্রি ছাড়া কেউ এই পদবী ব্যবহার করতে না পারে। চুয়েট শিক্ষক সমিতি মনে করে এই দাবিগুলি প্রকৌশলীদের পেশাগত মর্যাদা এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়া, ২৭ আগস্ট শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর অতর্কিত পুলিশি হামলার ঘটনায় চুয়েট শিক্ষক সমিতি তীব্র প্রতিবাদ জানায়। তাদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন দমন করা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং অনাকাঙ্ক্ষিত। তারা শিক্ষার্থীদের ন্যায্য দাবি সমর্থন করে এবং পুলিশি হামলার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তি দাবি করে।
পাশাপাশি, চুয়েট শিক্ষক সমিতি সরকারের প্রতি আহ্বান জানায়, প্রকৌশলী শিক্ষার্থীদের ন্যায্য দাবি বাস্তবায়ন এবং তাদের প্রতি মর্যাদাপূর্ণ আচরণ নিশ্চিত করার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।