চুয়েটনিউজ ২৪ ডেস্ক :
গত ১৬ অক্টোবর (বুধবার) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সোসাইটি অফ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারস (এসপিই) চুয়েট চ্যাপ্টারের নব গঠিত কমিটির সদস্যদের নাম এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। এসময় উক্ত কমিটির সেক্রেটারি পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিক লতিফের কমিটিতে পদ পাওয়া বিষয়ে সমালোচনার ঝড় উঠে । সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লাবটিরও সমালোচনা করেন অনেকেই। এই সমালোচনার মুখে উক্ত পদ থেকে পদত্যাগ করেন সাদিক লতিফ।
জানা যায়, সাদিক লতিফকে নিয়ে সমালোচনার মূল কারণ ছিল, তিনি বাংলাদেশ ছাত্রলীগ, চুয়েট শাখার কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। জুলাই বিপ্লবের সময়ে ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার পরও কিভাবে চুয়েটের একটি ক্লাবের কমিটিতে পদ পেলেন এই নিয়ে সমালোচনার শিকার হন সাদিক লতিফ।
পদত্যাগে বিষয়ে সাদিক লতিফ চুয়েটনিউজ২৪ কে বলেন, বর্তমানে সাধারণ শিক্ষার্থীদের কাছে আমার গ্রহণযোগ্যতা না থাকায় আমি উক্ত কমিটি থেকে পদত্যাগ করেছি। এই কমিটি গঠিত হয় মার্চ মাসে। তখন আমার কোন রাজনৈতিক পদ ছিলো না। এই কমিটিতে পদ পাওয়ার ক্ষেত্রে কোন রাজনৈতিক প্রভাবও ছিল না। যেহেতু সাধারণ শিক্ষার্থীরা মনে করছে আমার এই কমিটিতে থাকার অধিকার নেই তাই আমার কাছে মনে হয়েছে পদত্যাগ করাই উচিত এবং তা-ই করেছি।
তিনি আরো জানান যে, নানা দিক থেকে নিয়মিত হুমকির শিকার হচ্ছেন তিনি তাই তিনি তা নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন।
এই বিষয় কমিটির নতুন সভাপতি মহাইমিনুল ইসলাম নাঈম বলেন, আমাদের কমিটি গঠন করা হয়েছিল স্যারদের আন্দোলনেরও আগে , তখন ‘১৯ ব্যাচের (বিগত কমিটির) পরীক্ষা চলার কারণে উনারা বিদায়ী কমিটি হিসাবে বার্ষিক সাধারণ সভা( এজিএম) করতে পারেন নি। তাই কমিটি প্রকাশ করা হয়নি। সম্প্রতি উক্ত ক্লাবের বিভাগীয় উপদেষ্টা পরিবর্তন হয়েছে এবং নতুন দায়িত্ব পাওয়া মোঃ মিজানুর রহমান স্যারের সম্মতিক্রমে আমাদের কমিটি প্রকাশ করা হয়। পরে সামাজিক মাধ্যমে সাদিক এর বিষয় টা উঠে আসলে সাদিক সার্বিক অবস্থা বিবেচনা করে বিভাগীয় উপদেষ্টা বরাবর পদত্যাগের আবেদন করে।
তিনি আরো জানান, খুব শীগ্রই ক্লাবটির সাধারণ সম্পাদক পদে কে আসবে সেটি জানানো হবে।
উল্লেখ্য, বিশ্বের সকল পেট্রোলিয়াম প্রকৌশলীদের সংগঠন সোসাইটি অফ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার্স (এসপিই) এর অংগ সংগঠন হিসেবে চুয়েটের পেট্রোলিয়াম ও মাইনিং কৌশল বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশিক্ষণের কাজ করে যাচ্ছে।