চুয়েটে শিমুল স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শুরু

জারীন তাসমীন সাবাঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)- এ শুরু হয়েছে প্রয়াত শিক্ষক শিমুল বিশ্বাসের স্মরণে আয়োজিত “শিমুল স্মৃতি আন্তঃঅনুষদ ফুটবল টুর্নামেন্ট-২০২৫”। শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয় ৭ সেপ্টেম্বর (রবিবার) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় পুর ও পরিবেশ কৌশল অনুষদ এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান এবং ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: আরাফাত রহমান।

টুর্নামেন্টে মোট চারটি অনুষদের দল অংশ নিচ্ছে। দলগুলো হলো পুরকৌশল অনুষদ, যন্ত্রকৌশল অনুষদ, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদ এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ। এবারের আসরে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে রয়েল সিমেন্ট লিমিটেড।