চুয়েটনিউজ২৪ ডেস্কঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এ সফলভাবে সম্পন্ন হলো “রিনিউয়েবল এনার্জি ফোরাম ২০২৫”। দুই দিনব্যাপী এই আয়োজন শুরু হয় ১৫ আগস্ট এবং শেষ হয় আজ ১৬ আগস্ট (শনিবার)। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে গ্রীন লিড এবং চুয়েটের ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি (আইইটি)।
ফোরামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ আবদুল মতিন ভূইয়া। ফোরামের সভাপতিত্ব করেছেন আইইটি এর পরিচালক, ড. জামাল উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল এর অতিরিক্ত সচিব ও সদস্য ড. মো. রফিকুল ইসলাম,সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) এবং ডেপুটি হেড, ডেভেলপমেন্ট কো-অপারেশন সেকশন নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রম,বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এর চট্টগ্রাম পাওয়ার স্টেশন সহকারী প্রধান প্রকৌশলী আফরোজা আক্তার,রেকিট (বাংলাদেশ–শ্রীলঙ্কা) ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট এর প্রধান সালমান খায়ের।
ফোরামের আলোচনায় দুটি পৃথক প্যানেল সেশন এ উঠে এসেছে অ্যাকাডেমিক রিসার্চ ও ইন্ডাস্ট্রির চাহিদা এবং নবায়নযোগ্য জ্বালানির অগ্রযাত্রা যেখানে সৌর, বায়ু, স্টোরেজ ও স্মার্ট গ্রিড নিয়ে গবেষণা প্রবণতা এবং বিশ্ববিদ্যালয়–শিল্পখাত সহযোগিতা নিয়ে আলোচনা করা হয় । বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি কর্মশক্তি গঠন, দক্ষতা, কর্মসংস্থান ও নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার পথ, দক্ষতা উন্নয়ন এবং শিল্পখাতের চাহিদা নিয়ে আলোকপাত করা হয়েছে। এছাড়াও এনার্জি টক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক ৩–৫ মিনিটের সংক্ষিপ্ত প্রেজেন্টেশনের আয়োজন ও বিজয়ীদের বিশেষ স্বীকৃতি ও পুরস্কার প্রদান করা হয়।
গ্রিন লিড এর প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন মোঃ ফাহিম হোসাইন বলেন, “গ্রিন লিডে, আমাদের মূল লক্ষ্য হল পরবর্তী প্রজন্মকে একটি সবুজ ভবিষ্যতের মানসিকতা এবং ব্যবহারিক দক্ষতা দিয়ে শিক্ষিত করা এবং ক্ষমতায়ন করা। আইইটি, চুয়েট -এর সহযোগিতায় আমাদের ভিশন, “সবুজ ভবিষ্যৎ” অর্জনের জন্য এই গুরুত্বপূর্ণ উদ্যোগটি ডিজাইন করা হয়েছে। এর উদ্দেশ্য হল কারিগরি জ্ঞান এবং নবায়নযোগ্য শক্তিতে ক্যারিয়ার-গঠনমূলক নির্দেশনা প্রদান করা।আমি আইইটি, চুয়েট এবং অংশগ্রহণকারীদের প্রতি তাদের এই ভিশন বাস্তবায়নে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এই প্রোগ্রামটি আপনাদের জন্য একটি চমৎকার সুযোগ।ভবিষ্যতে ঢাকা, খুলনার মতো বিভাগীয় শহরেও আয়োজন করার ইচ্ছা আছে।”
আইইটি এর পরিচালক ড. জামাল উদ্দিন আহমেদ বলেন, “বর্তমানে, পরিচ্ছন্ন ও টেকসই শক্তির প্রয়োজনীয়তা যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি হয়ে উঠেছে। নবায়নযোগ্য শক্তি কেবল ভবিষ্যৎ নয় – এটি বর্তমান। আইইটি, চুয়েট এবং গ্রিন লিড-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই দুইদিনব্যাপী কর্মশালাটি আমাদের জন্য একটি বিশাল অর্জন এবং প্রথম উদ্যাগ। ভবিষ্যতে আমরা দেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের আয়োজন ছড়িয়ে দিতে চাই। আমাদের লক্ষ্য হলো দেশের শিক্ষার্থীদের মধ্যে নবায়নযোগ্য শক্তির গুরুত্ব ও সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের ক্যারিয়ার গঠনে সহায়তা করা। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা নবায়নযোগ্য শক্তির দিকে আরও আগ্রহী হবে এবং সারা দেশে এই ক্ষেত্রের উন্নয়ন আরও তরান্বিত হবে।”
অনুষ্ঠানটি সহযোগিতা করেছে সিটি গ্রুপ এবং ক্লাব পার্টনার হিসেবে রয়েছে আইইইই চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ, এএসএমই চুয়েট ও আইইইই বিইউবিটি স্টুডেন্ট চ্যাপ্টার।