মন্ত্রী রবিউল আলমের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ; চুয়েটে মানববন্ধন

আসাদুল্লাহ আল গালিবঃ

চুয়েটের সাবেক শিক্ষার্থী এবং দীপ্ত টিভির সম্প্রচার কর্মী তামিম হত্যায় অভিযুক্ত শেখ রবিউল আলমকে মন্ত্রণালয় এর দায়িত্ব দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে দুপুর ১টা ৪৫ মিনিটে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

জানা যায়, রাজধানীর রামপুরায় ফ্ল্যাটের মালিকানা নিয়ে আবাসন নির্মাতা প্রতিষ্ঠান প্লিজেন্ট প্রোপার্টিজ (প্রা.) লিমিটেডের সঙ্গে জমির মালিকের দ্বন্দ্বের জেরে ২০২৪ সালের ১০ অক্টোবর ডেভেলপার কোম্পানির লোকজন এর সাথে জমির মালিক ও ভবনের অন্যান্য মালিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে তানজিল জাহান তামিম আহত হন। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্লিজেন্ট প্রোপার্টিজ ডেভেলপার কোম্পানির কর্ণধার শেখ রবিউল আলমসহ মোট ১৬ জনকে আসামি করে মামলা করেন নিহত তামিমের বাবা। মামলার এজাহারে তাকে ৩ নম্বর আসামি করা হয়। প্রাথমিক তদন্তে রবিউল এর সংশ্লিষ্টতা পাওয়া যায় বলে জানিয়েছিল ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মো. রুহুল কবির খান । এছাড়াও এ ঘটনায় সে সময় রবিউল আলমকে কারণ দর্শানোর নোটিশ দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পরবর্তীতে তার সকল সাংগঠনিক পদও স্থগিত করে বিএনপি।

তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১০ আসনে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয় তাকে। নির্বাচনে জয় লাভ করে নতুন সরকারের মন্ত্রিসভায়ও জায়গা করে নিয়েছেন রবিউল আলম। গতকাল সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়, রেলপথ মন্ত্রনালয় এবং নৌ-পরিবহন মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন তিনি।

এর প্রতিবাদে আজ মানববন্ধন করে চুয়েটের শিক্ষার্থীরা। মানববন্ধনে চুয়েটের ২০২০-২১ শিক্ষাবর্ষের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের শিক্ষার্থী আদিল রায়হান বলেন, ” এটি রাষ্ট্রের জন্য এক কালো অধ্যায় হয়ে থাকবে। একজন অভিযুক্ত খুনি যার সংশ্লিষ্টতা প্রমাণ পেয়েছে বলে পুলিশ স্বীকার করেছে তিনি কিভাবে মন্ত্রিত্ব লাভ করতে পারে, এই দেশের বিচার ব্যবস্থা আর আইনের কাছে সে প্রশ্ন রয়ে যাবে। পাশাপাশি সরকার যেন উক্ত ঘটনার যথাযথ তদন্ত ও বিচার নিশ্চিত করে চুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সেই জোর দাবি জ্ঞাপন করছি।”