
নাজিফা তাসনিম জিফা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে আগামীকাল বুধবার (৩০ জুলাই) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাতীয় সেমিনার ‘ন্যাশনাল সেমিনার অন এনার্জি সিকিউরিটি: পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ’। পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে দেশের শীর্ষ জ্বালানি ও তেল কোম্পানির প্রতিনিধিসহ শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা অংশ নেবেন।
দুইদিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিন সকাল ৮ টা ৩০ মিনিটে রেজিস্ট্রেশনের মাধ্যমে সেমিনারের কার্যক্রম শুরু হবে। অতঃপর পিএমই ভবন থেকে কেন্দ্রীয় অডিটোরিয়ামের উদ্দেশ্যে র্যালি অনুষ্ঠিত হবে। সকাল ১০ টায় আয়োজনটির উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এরপর দেশের বিভিন্ন তেল ও গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকগণ বক্তব্য রাখবেন। এর মধ্যে রয়েছেন ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডারস পিএলসি, পদ্মা অয়েল পিএলসি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, এলপিজিএল ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালকবৃন্দ।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ আমিন উল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আবদুল মতিন ভূইয়া। সেমিনারে সভাপতিত্ব করবেন পিএমই বিভাগের প্রধান ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।
পরবর্তীতে বিকেলে দুটি কী-নোট সেশন অনুষ্ঠিত হবে। প্রথম সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন ভূঁইয়া বাংলাদেশের জ্বালানি চ্যালেঞ্জ ও টেকসই সমাধান বিষয়ে আলোচনা করবেন। দ্বিতীয় সেশনে ক্রিসএনার্জি বাংলাদেশের জেনারেল ম্যানেজার এডউইন বোলস ভবিষ্যৎ হাইড্রোকার্বন সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখবেন এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ড. একেএম বদরুল আলম বাংলাদেশের কয়লা খনন ও রক ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন। দিনের সমাপ্তিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন থাকবে।
জানা যায়, দ্বিতীয় দিনে সকাল ১১টায় পিএমই সেমিনার রুমে বিদায়ী ব্যাচকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা ৩০ মিনিটে পুনর্মিলনী শেষে বিকাল ৩টায় সিইপেক্স জেনারেল মিটিংয়ের মাধ্যমে দুই দিনের এ আয়োজনের সমাপ্তি হবে।
চুয়েটের পিএমই বিভাগের প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম এ আয়োজন সম্পর্কে বলেন, তেল গ্যাস সম্পর্কিত কোম্পানিগুলোর সাথে পিএমই বিভাগের যোগাযোগ স্থাপন ও তাদের কাজের পরিধি সম্পর্কে জানা, কোম্পানি গুলোর পিএমই গ্র্যাজুয়েট নিয়োগের ব্যাপারে আগ্রহী করে একটি ইন্ডাস্ট্রিয়া একাডেমিয়া কোলাবোরেশন তৈরি করতেই আমাদের এই আয়োজন। এসবের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। কালকের প্রোগ্রামে বিভিন্ন কোম্পানির চারটি স্টল থাকবে যেখানে শিক্ষার্থীদের দেশীয় কোম্পানিগুলোর সাথে সরাসরি যোগাযোগের সুযোগ থাকবে ।”
এ আয়োজন শিক্ষার্থীদের শিল্প-শিক্ষা সংযোগ দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের জ্বালানি খাতের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।