চুয়েটে পদার্থবিজ্ঞান বিভাগের আয়োজনে শুরু হচ্ছে ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর পদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ” টেকসই উন্নয়ন ও প্রযুক্তির জন্য ষষ্ঠ পদার্থবিদ্যা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন (আইসিপিএসডিটি)-২০২৫”। আগামী ২৯ ও ৩০ অক্টোবর দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা যায়। আজ ২৬ই অক্টোবর (রবিবার) চুয়েটের সিন্ডিকেট কক্ষে এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মেলনের সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অনিমেশ কুমার চক্রবর্ত্তী। এতে উপস্থিত ছিলেন সম্মেলনের সভাপতি এবং পদার্থবিজ্ঞান বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এইচ. এম. এ. আর. মারুফ। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মেলনের কোষাধ্যক্ষ ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মুক্তার হোসেন, টেকনিক্যাল কমিটির যুগ্ম-সচিব ড. সাইফুল কবির, কমিটির যুগ্ম-সচিব ও সহকারী অধ্যাপক জনাব মোসাম্মাৎ আরজুমান আরা বেগম ও জনাব মোঃ জাহিদ হাসান।

দুইদিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে আমেরিকা, চীন, জাপান, মালয়েশিয়া, পাকিস্তান, ভারত ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বৈজ্ঞানিক গবেষণা সংস্থা থেকে শীর্ষস্থানীয় একাডেমিশিয়ান, স্কলার্স ও গবেষক গণ অংশ নিবেন বলে জানা যায়। এছাড়া এতে ৩জন কী-নোট স্পিকার এবং ১৫জন আমন্ত্রিত স্পিকার উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক এই সম্মেলনে অংশগ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৪০০টি গবেষণা পত্র জমা পড়ে এবং গৃহীত ২৭৪টি। এর মধ্যে ১৬৫টি ওরাল এবং ১০৯টি পোস্টার প্রবন্ধ উপস্থাপিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আয়োজকরা আরো জানান, আগামী ২৯ই অক্টোবর ২০২৫খ্রি. চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নাকিব।

উল্লেখ্য, উক্ত কনফারেন্সের সার্বিক তত্তাবধানে থাকবেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কর্তৃপক্ষ এবং স্পন্সর হিসেবে থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।