চুয়েটে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ কাল

গোলাম মোস্তফা তানিম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আগামী ২৪ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য দুইটি পৃথক পর্বে আয়োজন করা হয়েছে।

প্রথম পর্বটি সকাল ৯টায় শুরু হবে। এতে পুরকৌশল, যন্ত্রকৌশল, স্থাপত্য, পেট্রোলিয়াম ও খনি কৌশল, মেকাট্রনিক্স ও শিল্প কৌশল, পানি সম্পদ কৌশল এবং বস্তু ও ধাতুবিদ্যা কৌশল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।
দ্বিতীয় পর্বটি শুরু হবে সকাল ১০টায়। এ পর্বে অংশ নেবেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল, কম্পিউটার বিজ্ঞান ও কৌশল, নগর ও অঞ্চল পরিকল্পনা, ইলেকট্রনিক্স ও টেলিযোগাযোগ কৌশল এবং জৈবচিকিৎসা কৌশল বিভাগের নবাগত শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের প্রধান অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের প্রধান অধ্যাপক ড. এ. এইচ. রাশেদুল হোসেন, যান্ত্রিক ও উৎপাদন কৌশল অনুষদের প্রধান অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, বিশ্ববিদ্যালয়টির রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম।

নবীনবরণের শেষে সকাল সাড়ে ১০টায় প্রথম পর্ব এবং সকাল ১১টা ৪৫ মিনিটে দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু হবে। এতে নবীন শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগের বিভাগীয় পরিচিতি সভায় অংশ নিবেন। এরপর শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে মধ্যাহ্নভোজ। এছাড়া বিকাল ২টা ৩০ মিনিটে আবাসিক হলে আসন প্রাপ্ত ও সংযুক্ত শিক্ষার্থীরা নিজ নিজ হল অফিসে উপস্থিত থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবেন।