নরওয়ের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি পাচ্ছেন চুয়েটের শিক্ষার্থীরা, পাবেন ১৫ হাজার ১৬৯ ক্রোনার

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ-

নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয়ে আবার ও শিক্ষাবৃত্তির সুযোগ পাচ্ছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। চুয়েট ও এগডার বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত চলমান কেয়ার প্রকল্পের আওতায় এই শিক্ষাবৃত্তির সুযোগ দেওয়া হচ্ছে। গত ৩১ মার্চ চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এগডার বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ইন রিনিউয়েবল এনার্জি প্রোগ্রামে এক সেমিস্টার (৫ মাস) অধ্যয়নের জন্য আবেদন করতে বলা হয়। এর সম্ভাব্য সময়কাল ২০২৬ সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত। এতে চুয়েটের যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ এবং ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির পিএইচডি ও মাস্টার্সের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আগ্রহী শিক্ষার্থীদের আবেদনপত্র ই-মেইলের মাধ্যমে কেয়ার প্রকল্পের পরিচালক ও চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম (a.sayem@cuet.ac.bd) ও অধ্যাপক সৌমেন রুদ্র (souman.rudra@uia.co) বরাবর পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ সময় আগামী ১৩ এপ্রিল। বাছাইকৃতদের আবেদনের মধ্য থেকে নির্বাচিতদের সাক্ষাৎকারের জন্য পরের দিন ১৪ এপ্রিল ইমেইলের মাধ্যমে জানানো হবে। সাক্ষাৎকার আগামী ১৬ এপ্রিল যন্ত্রকৌশল বিভাগের সেমিনার রুমে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বিনা খরচে পড়ার পাশাপাশি নরওয়ে অবস্থানকালীন জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য প্রতি মাসে ১৫ হাজার ১৬৯ নরওয়েজিয়ান ক্রোনার পাবেন।

প্রকল্প পরিচালক অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম চুয়েটনিউজ২৪কে জানান, গত বছরের মতো এবারও এগডার বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি দিচ্ছে। ২-৩ জন শিক্ষার্থীকে এ বৃত্তি দেয়া হবে। শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে তাদের সিজিপিএ, সাক্ষাৎকারে প্রদর্শিত দক্ষতা ইত্যাদি বিবেচনা করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ২০ এপ্রিল এগডার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে।