অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী উৎসব; চলছে ছবি সংগ্রহ

চুয়েটনিউজ ২৪ ডেস্ক :

২০১৮ সালের পর আবারও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় আলোকচিত্র প্রদর্শনী প্রতিযোগিতা “Catch The Light Season-3”। চুয়েট ফটোগ্রাফিক সোসাইটি (CUET Photographic Society-CUETPS) কর্তৃক এই প্রতিযোগিতাটি দুটি বিভাগে আয়োজিত হবে। একটি বিভাগে আলোকচিত্র শিল্পীরা শুধুমাত্র একটি ছবি জমা দিতে পারবেন এবং অন্য বিভাগে ৫-১০ টি ছবির মাধ্যমে একটা গল্প তুলে ধরার সুযোগ পাবেন।

ব্যতিক্রমধর্মী এ প্রতিযোগিতার জমাই ছবি জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে গত ৩০ সেপ্টেম্বর এবং চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী আলোকচিত্রশিল্পীরা নির্ধারিত সময়ের মধ্যে তাদের সেরা কাজগুলো জমা দিতে পারবেন। আগ্রহী প্রার্থীগণ নির্দিষ্ট নিয়ম মেনে ইমেইলের মাধ্যমে ছবি প্রেরণ করবেন। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকবে সর্বমোট ৫০ হাজার টাকার পুরস্কার। 

জানা যায়, এই প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন চুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ও খ্যাতিমান আলোকচিত্রশিল্পী জোবায়ের জ্যোতি, ফাইহাম ইবনে শরীফ এবং সাদিয়া মরিয়ম। পাশাপাশি কিউরেটর হিসেবে থাকছেন মুস্তফা জামান।

প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ছবিগুলো নিয়ে অনুষ্ঠিত হবে প্রদর্শনী। আগামী ৫ নভেম্বর প্রকাশ করা হবে ১০০ থেকে ১৫০টি প্রাথমিকভাবে নির্বাচিত ছবি। নির্বাচিত ছবিগুলো আগামী  ২৫ ও ২৬ নভেম্বর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে এবং ২৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চুয়েট ক্যাম্পাসের বাস্কেটবল মাঠে প্রদর্শিত হবে।

প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২৯ নভেম্বর। সমাপনী এই দিনে অনুষ্ঠিত হবে মুভি শো, Acoustic Night সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আয়োজনটি ব্যাপারে চুয়েট ফটোগ্রাফিক সোসাইটির সাংগঠনিক সম্পাদক তানভীর আনজুম আদিব বলেন, আমরা অনেকদিন পর জাতীয় পর্যায়ে আলোকচিত্র প্রদর্শনী প্রতিযোগিতার আয়োজন করছি। এর মাধ্যমে বাংলাদেশের আলোকচিত্রীদের কাজকর্ম আমরা মানুষের সামনে তুলে ধরতে পারব ও তাদেরকে অনুপ্রেরণা দিতে পারব। তাই আমরা আশা রাখছি পুরো দেশ থেকে আমরা খুব ভাল সাড়া পাবো।