চুয়েট ছায়া জাতিসংঘ ক্লাবের নেতৃত্বে ইফাজ ও নিজাম

চুয়েটনিউজ২৪ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ছায়া জাতিসংঘ সংগঠনের ৫ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।গত ৫ আগষ্ট (মঙ্গলবার) রাত ৯টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই সভা আয়োজিত হয়। এতে সংগঠনটির ২০২৫-২৬ মেয়াদের কার্যকর কমিটি ঘোষণা করা হয়েছে ।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৈয়দ ইফাজ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বর্ষের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের নিজাম উদ্দিন বাবু।

এছাড়াও কমিটিতে সহ- সভাপতি হিসেবে ফারদিন খালেদ, আদিল রায়হান, সিফাত চৌধুরী এবং মুহাইমিনুল ইসলাম নাঈম দায়িত্ব লাভ করেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইসমাইল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মেহেরিন রহমান।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মানবিক বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা সুলতানা। আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি আসিফ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক সৌমিত্র মজুমদার ।

নবগঠিত কমিটির সভাপতি সৈয়দ ইফাজ চুয়েটনিউজ২৪ কে বলেন, “কূটনীতি ও গবেষণার ক্ষেত্রে চুয়েট ছায়া জাতিসংঘ ক্লাব সর্বদা আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে অবস্থান করে আসছে। আমরা আমাদের জুনিয়রদের এ ক্লাবের মধ্যে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে চাই, যাতে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরাও আধুনিক বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় বিতর্ক ও কূটনীতির মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ২০২৫-২৬ সালের কমিটি একনিষ্ঠ প্রচেষ্টায় আমাদের পরবর্তী প্রজন্মকে সর্বোত্তম প্রেরণা প্রদানে বদ্ধপরিকর।”

উল্লেখ্য, সংগঠনটি ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রতিবছর আন্ত:বিভাগ সভা ও আন্তঃবিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলনের মতো নানান আয়োজন করে আসছে।