
আসাদুল্লাহ গালিব:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রথমবারের মতো আয়োজিত হয়েছে আন্তঃবিভাগীয় ব্যবসায়িক কৌশলভিত্তিক প্রতিযোগিতা ‘ইন্ট্রাবিজ ১.০’ । আজ শুক্রবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আইটি ইনকিউবেটর এর মিলনায়তনে অনুষ্ঠিত হয় আয়োজনের চূড়ান্ত পর্ব ।
চুয়েট সাপ্লাই চেইন অ্যান্ড বিজনেস অ্যালায়েন্স এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রথম পর্বে ৩৮টি দল নিবন্ধন করে। প্রথম রাউন্ডে অনলাইনে স্লাইড জমা ও উপস্থাপনার মাধ্যমে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখান থেকে নির্বাচিত আটটি দল চূড়ান্ত পর্বে নিজেদের ভাবনা, বিশ্লেষণ ও উদ্ভাবনী কৌশল তুলে ধরে।
সব দলকে পেছনে ফেলে চূড়ান্ত পর্বে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করে ‘মাস্টারপ্ল্যানার্স’ দল। প্রথম রানারআপ হয় ‘মেক-আ-ট্রাবল’ এবং দ্বিতীয় রানারআপ হয় ‘চুয়েট অ্যালগোরিস্টাস’। অন্যান্য প্রতিযোগী দলগুলো ছিল ‘টিম মেট্রিক’, ‘থিংকসিঙ্ক’, ‘টিম ট্রাইপড’, ‘দেই নট লাইক আস’ এবং ‘এক্সপেডিশন ২৩’।
আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা এবং ফোর্বস ৩০ আন্ডার ৩০ তালিকায় স্থান পাওয়া অনোয়ার সায়েফ আনিক, যিনি ‘টার্টল ভেঞ্চার স্টুডিও’র সহ-প্রতিষ্ঠাতা।
ইন্ট্রাবিজ ১.০ এর অন্যতম আয়োজক ইতমাম ওবাইদ সামিন বলেন , “ইন্ট্রাবিজ ১.০ ছিল শিক্ষার্থীদের জন্য একটি বাস্তবভিত্তিক শেখার প্ল্যাটফর্ম, যেখানে দলগত চিন্তা, নেতৃত্বগুণ এবং ব্যবসায়িক বিশ্লেষণ একত্রে অনুশীলন করা হয়েছে। আমরা চেষ্টা করেছি এমন একটি প্রতিযোগিতার আয়োজন করতে, যা তাদের করপোরেট জগতে প্রবেশের আগেই চিন্তার দিগন্ত প্রসারিত করবে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা থাকবে ।”
উল্লেখ্য, প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় ছিল ‘হ্যাঙ্গারস প্লাস’ এবং কুইজ পর্বের গিফট স্পন্সর হিসেবে ছিল ‘টেকিফাই’। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ ও ‘চুয়েটনিউজ২৪’।