চুয়েটনিউজ২৪ ডেস্কঃ-
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় অনলাইনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এসময় তিনি বলেন, ২৫ মার্চের নির্মমতা বাঙালি জাতিকে চূড়ান্ত স্বাধীনতার সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে স্বাধীনতা, যার ফলে আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড ও নিজের মতো করে কাজ করার সুযোগ।
উপাচার্য আরও বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র গড়তে এখনো সুশাসন, সামাজিক ন্যায়বিচার, আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
এসময় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং বিশেষভাবে স্মরণ করেন চুয়েটের শহীদ দুই শিক্ষার্থী মোহাম্মদ শাহ ও তারেক হুদাকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক মোহাম্মদ আবু কাউছার, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক কাজী আফজালুর রহমান এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক মুহাম্মদ রাশিদুল হাসান। এতে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. মাহবুবুল আলম।
উক্ত অনুষ্ঠানে বিভাগীয় প্রধানগণের পক্ষ থেকে বক্তব্য রাখেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক নিপু কুমার দাশ, শিক্ষক সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন শিক্ষক সমিতি এর সভাপতি অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ, কর্মকর্তা সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন কর্মকর্তা সমিতি এর সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মকবুল হোসেন, কর্মচারী সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ জামাল উদ্দীনন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসহাব লাবিব। অনুষ্ঠানমালা সঞ্চালনা করেন উপ—পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান ও সহকারী লাইব্রেরিয়ান শারমিন সুলতানা তমা।
আলোচনা সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদেও এ উপলক্ষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।