ছাত্ররাজনীতি নিষিদ্ধ চুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের ইফতার মাহফিল

চুয়েটনিউজ২৪ ডেস্ক :

ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে ইফতার মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চুয়েট শাখা।

গত শুক্রবার সন্ধ্যায় ক্যাম্পাসের বাস্কেটবল মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ছাত্রদলের চুয়েট শাখার সাধারণ সম্পাদক মো. তৌফিক হাসান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সজল, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন তন্ময়সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

এ বিষয়ে ছাত্রদলের চুয়েট শাখার সাধারণ সম্পাদক মো. তৌফিক হাসান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চুয়েটনিউজ২৪-কে বলেন,“এটি একটি ধর্মীয় আয়োজন ছিল। আমরা সবাই বিভিন্ন হল থেকে এসে গতকাল বাস্কেটবল মাঠে ইফতার করেছি। ধর্মীয় আয়োজন হওয়ায় এ ক্ষেত্রে কোনো অনুমতি নেওয়া হয়নি।”

তিনি আরও বলেন,“ক্যাম্পাসে সুস্থ রাজনৈতিক চর্চার জন্য আমরা ভবিষ্যতেও কাজ করে যাব। ক্যারিয়ার ফেস্ট আয়োজনসহ আরও কিছু পরিকল্পনা আমাদের রয়েছে।”

এ বিষয়ে ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড.মো. মাহবুবুল আলম চুয়েটনিউজ২৪-কে বলেন,“যেহেতু ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ,তাই আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। পরবর্তীতে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের জরুরী সিন্ডিকেট সভায় অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সকল ধরনের রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রমের সাথে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হয়। তবে, এর মধ্যেই গতবছরের জুলাইয়ে চুয়েটে ছাত্রদলের শাখা কমিটি ঘোষণা করা হয়। এ নিয়ে সেসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে প্রতিবাদ জানিয়েছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।