ট্রাইসেন্ড ১.০ প্রতিযোগিতার নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি

নাজিফা তাসনিম জিফা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ‘আইইইই চুয়েট উইমেন ইন ইঞ্জিনিয়ারিং অ্যাফিনিটি গ্রুপ স্টুডেন্ট ব্রাঞ্চ’ কর্তৃক আয়োজিত জাতীয় পর্যায়ের আয়োজন ট্রাইসেন্ড ১.০ এর নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী প্রতিযোগিতার সকল বিভাগের নিবন্ধনের শেষ সময় ছিল গত ১০ ডিসেম্বর। পরবর্তীতে অংশগ্রহণকারীদের সুবিধার্থে সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়। সংশোধিত সময়সূচি অনুযায়ী প্রযুক্তিনির্ভর কেস প্রতিযোগিতা “মাইন্ডফুল ফিউচার্স” বিভাগের নিবন্ধন শেষ হবে আগামী ১৭ ডিসেম্বর। অপরদিকে “পলিসি মেকিং চ্যালেঞ্জ” প্রতিযোগিতা এবং “ভিশনস ফর টুমরো” শীর্ষক ভবিষ্যতমুখী ভিজ্যুয়াল আর্ট প্রতিযোগিতার নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি করে ২১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

ট্রাইসেন্ড ১.০ একটি বহুমাত্রিক জাতীয় আয়োজন, যার মাধ্যমে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে নৈতিক চিন্তাধারা, টেকসই উন্নয়ন ভাবনা এবং ভবিষ্যৎকেন্দ্রিক সমস্যা সমাধানের দক্ষতা বিকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিযোগিতাটি প্রযুক্তিভিত্তিক কেস সমাধান, নীতিনির্ধারণমূলক পরিকল্পনা এবং সৃজনশীল ভিজ্যুয়াল উপস্থাপনা – এই তিনটি স্বতন্ত্র বিভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উল্লেখ্য, নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিবন্ধন পর্ব শেষে ডিসেম্বর মাসে কেস ও বিষয় প্রকাশ, বিভিন্ন ধাপের জমা কার্যক্রম এবং জানুয়ারি মাসে চুয়েট ক্যাম্পাসে সরাসরি উপস্থাপনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকেরা।