চুয়েটনিউজ২৪ ডেস্কঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অন্যতম স্বেচ্ছাসেবী ও পরিবেশ সচেতনতামূলক সংগঠন গ্রীন ফর পিস-এর ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৩১ জুলাই (বৃহস্পতিবার) আয়োজিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহেদ সুফিয়ান আলভী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই বিভাগের মোহাম্মদ মুন্না হাসান।
এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রুদ্র চক্রবর্তী, মোহাম্মদ হিমেল আহমেদ, মোহাম্মদ শাফকাতুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন হয়েছেন নুজহাত জাহান, সাংগঠনিক সম্পাদক পার্থ সারথী সরকার সহ আরো প্রমুখ।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি এর পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ। তার বক্তব্যে তিনি বলেন, টেকসই ও বাসযোগ্য পৃথিবী গঠনে এবং মানবিক মানুষ তৈরিতে গ্রীন ফর পিস কাজ করে যাচ্ছে। চুয়েট গ্রীন ফর পিস এগিয়ে যাক মানবতার কল্যাণে ,সুন্দর পৃথিবী গড়ার জন্য।
নবনির্বাচিত সভাপতি শাহেদ সুফিয়ান আলভী চুয়েটনিউজ২৪ কে জানান, ১৯ ব্যাচের ভাইদের স্বপ্ন ছিল সব হলের ডেড জোন সংস্কার ও গ্রীন ডে এর মতো আয়োজন বাস্তবায়ন করা। এবার আমরা পূর্ববর্তী অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য একটি বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করেছি, যাতে ক্লাবের কার্যক্রম আরও কার্যকর ও ফলপ্রসূ হয়।
এছাড়া উক্ত সভায় কমিটি ঘোষণার পাশাপাশি সদ্য বিদায়ী কমিটির সাফল্য, সীমাবদ্ধতা ও ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য, গ্রীন ফর পিস ক্লাব চুয়েটে ক্যাম্পাসে পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রেখে আসছে। ক্লাবের মূল লক্ষ্য পরিবেশ রক্ষা, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং শিক্ষার্থীদের মধ্যে টেকসই উন্নয়ন বিষয়ে সচেতনতা তৈরি করা।নবনির্বাচিত কমিটির অধীনে ক্লাবটি আগামী দিনগুলোতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়িয়ে সমাজজুড়ে পরিবেশ ও মানবিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।