চুয়েট ফিল্ম সোসাইটির প্রতিনিধিত্বে নতুন মুখ

চুয়েট নিউজ ডেস্ক:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ফিল্ম সোসাইটি এর বার্ষিক সাধারণ সভা আয়োজিত হয়েছে।গত ১৩ অক্টোবর (সোমবার) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তন (টিএসসি) ভবনের তৃতীয় তলায় এই সভার আয়োজন করা হয়।

চলচ্চিত্র সংঘের নতুন কমিটিতে সভাপতি হিসেবে স্থাপত্য বিভাগের চতুর্থ বর্ষের মো: শাহেজাহান এ্যানি ও সাধারণ সম্পাদক হিসেবে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের তানভীর জানি দায়িত্ব গ্রহণ করেছেন।

এছাড়াও সহ সভাপতি হিসেবে ফাহিম ফেরদৌস,সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাইমিনুল ইসলাম নাঈম, প্রযোজনা সম্পাদক হিসেবে মিসবাহ খান, প্রকাশনা সম্পাদক হিসেবে অনিন্দ্য বড়ুয়া এবং অর্থ সম্পাদক হিসেবে শাহারিয়ার নিলয় দায়িত্ব গ্রহণ করেছেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান ও নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. সজল চৌধুরী, স্থাপত্য বিভাগের সহকারী ও কমিটির উপদেষ্টা অধ্যাপক নূর মোহাম্মদ খান এবং স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক ও কমিটির মডারেটর শাইলা শারমিন।

অতিথিবৃন্দ চুয়েট ফিল্ম সোসাইটির পুনরায় কার্যক্রম শুরুকে একটি ইতিবাচক ও আশাব্যঞ্জক উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেন। তাঁরা বলেন, “চলচ্চিত্রচর্চা শিক্ষার্থীদের চিন্তাশক্তি, নান্দনিকতা ও সামাজিক দায়িত্ববোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” এছাড়াও তাঁরা নতুন কমিটির প্রতি শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করেন যে, এই কমিটি চুয়েটে চলচ্চিত্রচর্চার ধারাবাহিকতা ফিরিয়ে আনবে এবং নতুন প্রজন্মের সৃজনশীল ভাবনা ও গল্প বলার সংস্কৃতিকে এগিয়ে নেবে।”

নতুন কমিটির সভাপতি মোঃ শাহজাহান এ্যানি চুয়েটনিউজ২৪ কে বলেন, চলচ্চিত্র মানুষের জীবনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গভীর প্রভাব ফেলে। এটি কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের মৌলিক ও নৈতিক মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও উল্লেখ করেন, “নতুন যাত্রার মাধ্যমে “চুয়েট ফিল্ম সোসাইটি” চুয়েট ক্যাম্পাসে একটি সুন্দর, নিরপেক্ষ ও সাংগঠনিক পরিবেশ গড়ে তুলতে কাজ করবে, যেখানে শিক্ষার্থীরা তাদের চিন্তা, সৃজনশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বিকাশের সুযোগ পাবে।”

অনুষ্ঠানের শেষে ফিল্ম সোসাইটির আগাম কার্যপরিকল্পনা উপস্থাপন করা হয়, যেখানে নতুন কমিটি চুয়েটের শিক্ষার্থীদের চলচ্চিত্র নির্মাণ, বিশ্লেষণ ও প্রদর্শন সংক্রান্ত কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করে।

উল্লেখ্য, দীর্ঘ পাঁচ বছর পর পুনরায় চুয়েট ফিল্ম সোসাইটি তাদের কার্যক্রম শুরু করেছে।