চুয়েটনিউজ২৪ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে “ড্রাগ ডেলিভারি এবং জিনোম সিকোয়েন্সিং” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ই নভেম্বর (মঙ্গলবার) বেলা ১১.০০ টায় যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এছাড়া বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, ড. মোহাম্মদ মশিউল হক ও ড. নিপু কুমার দাশ। অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ তারিক আরাফাত ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অনেক গবেষণা ও উদ্ভাবনের সম্ভাবনা রয়েছে। শুধু পুথিগত জ্ঞান দিয়ে বর্তমান বিশ্বে টিকে থাকা যায় না, এই গতিশীল বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে নিজেকে সবদিক থেকে অসাধারণ হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইন্জিনিয়ারিংএ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিপু কুমার দাশ উপস্থিত সকলের প্রতি আন্তরিকতা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা সৌভাগ্যবান যে, আমাদের দুইজন বিশিষ্ট বক্তার মূল্যবান বক্তব্য শুনতে পেরেছি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান, অধ্যাপক ড. মুহাম্মদ তারিক আরাফাত এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান আমাদের সামনে ত্বক ও চোখের রোগের জন্য উন্নত ওষুধ সরবরাহ ব্যবস্থা এবং রোগ প্রতিরোধে জিনোমিক গবেষণার ব্যাপারে অভূতপূর্ব আলোচনা করেছেন। তাঁদের এই ব্যাখ্যামূলক উপস্থাপনা আমাদের স্বাস্থ্যসেবার নতুন নতুন উদ্ভাবন সম্পর্কে গভীর জ্ঞান প্রদান করেছে।
আমাদের ছাত্রছাত্রীরা এই সেমিনারের মাধ্যমে লক্ষ্যভিত্তিক থেরাপি এবং জিনোমিক্সের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানার সুযোগ পেয়েছে, যা তাদের নিজেদের গবেষণায় অনুপ্রাণিত করতে পারে। শিক্ষার্থীদের জন্য, পাশাপাশি সকল আগ্রহী শিক্ষকমণ্ডলী এবং স্বাস্থ্যসেবা প্রযুক্তির বিকাশে আগ্রহী সকলের জন্যই এটি একটি মূল্যবান অভিজ্ঞতা ছিল।
সেমিনারে উপস্থিত বায়োমেডিকেল ইন্জিনিয়ারিং বিভাগে চতুর্থ বর্ষের শিক্ষার্থী জুবায়ের বিল্লাহ অর্ণব বলেন, এই ধরণের সেমিনার আমাদের বায়োমেডিকেল ডিপার্টমেন্ট এর স্টুডেন্ট দের জন্য খুবই সহায়ক, বিশেষ করে যখন আদনান মান্নান স্যার এবং তারিক আরাফাত স্যারদের মতো বিশ্ববরেণ্য ব্যাক্তিরা স্পিকার হিসেবে আসেন এবং সমসাময়িক রিসার্চ ও তাঁদের কাজগুলো নিয়ে কথা বলেন। সেমিনার এর মাধ্যমে আমরা বহির্বিশ্বের কাজ সম্পর্কে ভালো ধারনা পাই। এমন ধরণের সেমিনার নিঃসন্দেহে যারা নিজেকে রিসার্চার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় তাঁদের জন্য আশীর্বাদস্বরূপ।