চুয়েটনিউজ ২৪ ডেস্ক :
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একমাত্র সংবাদধর্মী সংগঠন চুয়েট সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। উক্ত সভায় ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কালের কণ্ঠ পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি আসহাব লাবিব এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডের চুয়েট প্রতিনিধি সাইকা শুহাদা।
আজ ২৮ জুলাই (সোমবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক মিলনায়তন ভবনের অডিটোরিয়ামে বিকাল ৫ টায় এই অনুষ্ঠান আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
এছাড়া উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মাহবুবুল আলম, ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি (আইইটি)-এর পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলওয়ার হোসাইন, ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক অধ্যাপক ড. মুক্তার হোসেন, পেট্রোলিয়াম এবং মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং চুয়েটের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ ফজলুর রহমান।
অনুষ্ঠানে চুয়েট সাংবাদিক সমিতির বিদায়ী কমিটিকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এরপর নতুন কমিটির নাম ঘোষণা করেন বিদায়ী কমিটির সভাপতি তানবির আহমেদ চৌধুরী।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি নাগরিক ভাবনা ও চট্টলার খবরের প্রতিনিধি ইপসিতা জাহান সুমা এবং দৈনিক আজাদী পত্রিকার চুয়েট প্রতিনিধি মোহাম্মদ ইয়াসির আফনান রাফিন; সাংগঠনিক সম্পাদক হিসেবে সমকাল পত্রিকার প্রতিনিধি ফাহিম রেজা এবং রুপালী বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি ফাইয়াজ মোহাম্মদ কৌশিক; দপ্তর সম্পাদক চট্টগ্রাম প্রতিদিনের প্রতিনিধি নাফিসা নাওয়ার; অর্থ সম্পাদক আমাদের সময়-এর প্রতিনিধি আসাদুল্লাহ আল গালিব; প্রচার ও প্রকাশনা সম্পাদক সময়ের আলো-এর প্রতিনিধি আকিফা মঞ্জুর। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাস-এর তানভীর আহমেদ, এডুকেশন টাইমস্-এর গোলাম মোস্তফা তানিম, দেশ দেশান্তর পত্রিকার নাজিফা তাসনিম জিফা এবং বণিক বার্তার জারীন তাসমীন সাবা।
এছাড়া অনুষ্ঠানে সংগঠনের বর্ষসেরা ফিচার লেখক হিসেবে পুরস্কার অর্জন করেন ফাইয়াজ মোহাম্মদ কৌশিক, বর্ষসেরা আলোকচিত্রের জন্য স্বীকৃতি পান আসাদুল্লাহ আল গালিব এবং উদীয়মান ফিচার লেখক ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেন জারীন তাসমীন সাবা।