চুয়েটনিউজ২৪ ডেস্কঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রযুক্তি ও প্রোগ্রামিং বিষয়ক সংগঠন চুয়েট কম্পিউটার ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ জুলাই(বৃহস্পতিবার) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিং-৩ এ আয়োজিত সভায় সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অত্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও বিজ্ঞান কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আদিল রায়হান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের আরেক শিক্ষার্থী ফাহিম ফেরদৌস।
এছাড়া সহ-সভাপতি (প্রোগ্রামিং) হিসেবে সাকিব সাফওয়ান, সহ-সভাপতি (অ্যাডমিন) মাদিহা আহমেদ চৌধুরী, সহ-সভাপতি (সাংগঠনিক) তৌহিদ আল ফয়সাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদমান সালেহ, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেরিন রহমান, সাংগঠনিক সম্পাদক রাকিব আল হাসান এবং অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নাহিন মুনকার।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির মডারেটর, কম্পিউটার ও বিজ্ঞান কৌশল বিভাগের সহকারী অধ্যাপক অসীম দে এবং প্রভাষক আবির হাসান অমিয়। সভায় কমিটি ঘোষণার পাশাপাশি বিদায়ী সভাপতি শাফিকুল ইসলাম সায়মন ও সাধারণ সম্পাদক আবির হাসান পূর্ববর্তী কমিটি মেয়াদকালীন কার্যক্রম তুলে ধরেন। এসময় সংগঠন কর্তৃক আয়োজিত ওয়ার্কশপ, সেমিনার ও প্রতিযোগিতা সমূহের বিবরণ তুলে ধরা হয়। এছাড়া সভার শেষের দিকে সংগঠনের সাবেক সদস্যদের হাতে ক্রেস্ট প্রদানের মাধ্যমে তাদের সম্মাননা জানানো হয়।
নবনির্বাচিত সভাপতি আদিল রায়হান চুয়েটনিউজ২৪ কে জানান, চুয়েটের শিক্ষার্থীদের প্রোগ্রামিংসহ টেক ফিল্ডে সাম্প্রতিক সময়ে যে আগ্রহ দেখা দিয়েছে তা সত্যিই অভাবনীয়। তাদের এই আগ্রহ যেন বজায় থাকে এবং কার্যকরভাবে ভবিষ্যতে কাজে লাগাতে পারে, সেজন্য প্রয়োজনীয় সহযোগিতা ও প্রোপার গাইডলাইন্স প্রদান করা এবং টেক নির্ভর কমিউনিটিকে সহযোগিতা ও শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য থাকবে। আইসিপিসি, হ্যাকাথনসহ জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় চুয়েটিয়ানদের আরও কার্যকর অংশগ্রহণ এবং উন্নত ফলাফলের লক্ষ্যে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ।