ব্যবসায়িক ধারণা প্রদর্শন করে বিশেষ স্বীকৃতি অর্জন করল চুয়েটের ‘সাস্টায়ার’

আকিফা মঞ্জুর:

বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) আয়োজিত চট্টগ্রাম আইডিয়েশন চ্যালেঞ্জ (সিআইসি) এ উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা প্রদর্শন করে বিশেষ স্বীকৃতি অর্জন করেছে চুয়েটের ‘সাস্টায়ার’। গত ৩ সেপ্টেম্বর (বুধবার) চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়।

দুই মাসব্যাপী শিল্প-অভিজ্ঞতা এবং সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালার পর চূড়ান্ত পর্যায়ে শীর্ষ পাঁচটি দল তাদের উদ্ভাবনী ও টেকসই ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে। সমাপনী অনুষ্ঠানে সাস্টায়ার বিশেষ স্বীকৃতি ও এক লক্ষ টাকা অনুদান পায়।

সাস্টায়ার ধারণা করে দৈনন্দিন ব্যবহারের টায়ারকে পরিধেয় জুতা হিসেবে রূপান্তর করলে পরিবেশে প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্য কমাতে সহায়ক ভূমিকা পালন করবে। এই উদ্যোগ কেবল পরিবেশ রক্ষা নয়, বরং নতুন উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক সম্ভাবনার ক্ষেত্রও তৈরি করতে পারে।

জানা যায়, ৩ সদস্যের সাস্টায়ারের দলটিতে ছিলেন যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মীর শাহরিয়ার ও প্রিয়ম চক্রবর্তী এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরিবা রহমান।

সাস্টায়ারের এই সাফল্য অর্জনের অনুভূতি নিয়ে দলটির সদস্য মীর শাহরিয়ার চুয়েটনিউজ২৪ কে জানান, এই পুরস্কার পেয়ে সত্যিই অনেক খুশি হয়েছি। কারণ এটা নিয়ে আমরা অনেকদিন ধরে কাজ করছি। পুরস্কারের জন্য নয়, বরং আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই কাজ পরিবেশের উন্নতির জন্য সহায়ক হবে। এর মাধ্যমে যদি আমরা সামান্য হলেও পরিবেশের জন্য ভালো কিছু করতে পারি, সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।

দলের আরেক সদস্য প্রিয়ম চক্রবর্তী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ছোটবেলা থেকেই ভাবতাম ফেলে দেওয়া বর্জ্য ব্যবহার করা যায় কি না। সেই চিন্তা থেকে জন্ম নিয়েছে সাস্টায়ার, যা ফেলে দেওয়া টায়ার থেকে তৈরি পরিধেয় জুতা। পড়াশোনার পাশাপাশি ধীরে ধীরে এই পরিকল্পনায় কাজ করেছি এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছি। অবশেষে চট্টগ্রাম আইডিয়েশন চ্যালেঞ্জ (সিআইসি) এ ১৬৮টি দলের মধ্যে আমাদের প্রকল্প পেল বিশেষ স্বীকৃতি এবং ১ লাখ টাকার গ্র্যান্ট। চট্টগ্রামের মেয়র থেকেও ইতিবাচক সাড়া পেয়েছি। পরিবেশ রক্ষা ও উদ্যোক্তা হওয়ার লক্ষ্যে আমরা অবিরাম কাজ করছি। সকলের কাছে আমরা দোয়াপ্রার্থী।

দলটির সদস্যরা আরও জানান, তাদের এ যাত্রায় উপদেষ্টা হিসেবে ছিলেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সানাউল রাব্বী পাভেল।