চুয়েটনিউজ২৪ ডেস্কঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে চুয়েট বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং সোসাইটির(চুয়েট বিএমইস) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত ১০ জুলাই(বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত ‘বিএমই বিটস-২০২৫’ অনুষ্ঠানে এ সংগঠনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া, অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসাইন এবং বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিপু কুমার দাস। এসময় তারা কেক কাটা ও শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সংগঠনের আগামীর পথচলার বার্তা প্রদান করেন। পাশাপাশি এই সংগঠন শিক্ষার্থীদের একাডেমিক ও গবেষণামূলক কর্মকাণ্ডে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা ব্যক্ত করেন তারা।
পরবর্তীতে সংগঠনটির ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন বিএমই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নিজাম উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক নির্বাচিত হন একই ব্যাচের আরেক শিক্ষার্থী মিসবাহ খান। এছাড়া কমিটিতে আরও রয়েছেন সহ-সভাপতি (প্রশাসন) দিপ মুহুরী, সহ-সভাপতি (অভ্যন্তরীণ বিষয়) জান্নাতুল মাওয়া তাকি, সহ-সভাপতি (বহিঃবিষয়) সিফাত চৌধুরী, সহকারী সাধারণ সম্পাদক এশাত জাহান আরিফা, অর্থ সম্পাদক জাকারিয়া মাহি, দপ্তর সম্পাদক মো. তারিকুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক দিপ পল, গবেষণা ও উন্নয়ন সম্পাদক মুসারাত হাবিব, প্রকল্প উন্নয়ন সম্পাদক রুদ্র চক্রবর্তী, অনুষ্ঠান পরিচালনা সম্পাদক ইসরাত জাহান সিনথিয়া, কর্মশালা ও সেমিনার সম্পাদক মেহেরনুবা তাহিয়া রাহা, ছাত্র বিষয়ক সম্পাদক উপমা দেবী এবং গ্রাফিক্স ও মিডিয়া সম্পাদক আয়েশা নূর হাসেমি।
সভাপতি নিজাম উদ্দিন বাবু চুয়েটনিউজ২৪ কে জানান, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এর জ্ঞানকে আরও সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের নিয়ে একটি সক্রিয় ও সমৃদ্ধ কমিউনিটি গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। শিক্ষার্থীরা যেন বর্তমান বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিতে পারে এবং গবেষণামূলক কাজে আরও বেশি সম্পৃক্ত হয়, সেই দিকেই আমরা কাজ করে যাবো।