দশম গ্রেডে বিএসসি প্রকৌশলীদের আবেদনের সুযোগে চুয়েটে বিজয় মিছিল

তানভীর আহমাদঃ

বিগত ছয় মাস ধরে ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’-এর ব্যানারে সারা দেশের বিএসসি প্রকৌশলী শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গতকাল (১৩ আগস্ট) হাইকোর্ট এক ঐতিহাসিক রায়ে দশম গ্রেডের টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পদগুলোতে বিএসসি প্রকৌশলীদের আবেদন করার সুযোগ প্রদানের নির্দেশ দেন সংশ্লিষ্ট সংস্থাগুলোকে।

এ রায়কে কেন্দ্র করে আজ ১৪ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বিজয় মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে ডিপ্লোমাধারীদের পক্ষ থেকে হাইকোর্টের রায়কে অবমাননা, বিশৃঙ্খলা সৃষ্টি এবং কোটা পুনর্বহালের ষড়যন্ত্রের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করে তারা। মিছিলটি চুয়েটের গোলচত্বর থেকে শুরু হয়ে প্রধান ফটকে এসে শেষ হয়।

এ বিষয়ে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নসীব আল মুয়িদ বলেন, “গত ছয় মাস যাবত ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’ এর ব্যানারে দেশের সকল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী ও ইঞ্জিনিয়ারদের আন্দোলন চলছে। আন্দোলনের অংশ হিসেবে গত জুন মাসে, ৩দফা দাবি নিয়ে হাইকোর্টে রিট করা হয় আমাদের পক্ষ থেকে। উক্ত রিটের প্রেক্ষিতে, হাইকোর্ট বিএসসি ইঞ্জিনিয়ারদের সাথে হওয়া বৈষম্য দেখতে পান এবং দশম গ্রেডের টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্টগুলোতে বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ প্রদান করতে সংশ্লিষ্ট কতৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। একই সাথে নিয়োগ নীতিমালা পরিবর্তনের নির্দেশনা প্রদান করেন। উক্ত আদেশের প্রেক্ষিতে ঢাকা মেট্রোরেলের রিক্রুটমেন্টের ১৫ই আগস্টে হতে যাওয়া পরীক্ষা আজ স্থগিত করা হয়। আমাদের যৌক্তিক দাবির বিরুদ্ধে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা হিসেবে ডিপ্লোমা টেকনিশিয়ানরা আজ বিক্ষোভের ঘোষণা করে। সেই অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে আমরা আজ চুয়েটে সবাই একত্রিত হয়ে আমাদের যৌক্তিক দাবির পক্ষে অবস্থান করেছিলাম।”

যন্ত্রকৌশল বিভাগে ২য় বর্ষের শিক্ষার্থী মো:শাহ আলম বলেন, “আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, মহামান্য আদালতের এই রায়কে অবমাননা করে ডিপ্লোমাধারীদের একটি বিশেষ গোষ্ঠী সারাদেশে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন স্থানে জনদুর্ভোগ ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং প্রকৌশলীদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ধরনের কার্যকলাপ দেশের আইন ও বিচার ব্যবস্থার প্রতি চরম অবমাননা এবং দেশকে অস্থিতিশীল করার একটি হীন প্রচেষ্টা। এরই প্রেক্ষিতে আজ চুয়েটে প্রতিবাদ মিছিল হয়।”

জানা যায়, গত জুনে দশম গ্রেডের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নির্ধারণ করে বিএসসি ইঞ্জিনিয়ারদের আবেদন থেকে বঞ্চিত করা হলে, এ বৈষম্য দূর করতে হাইকোর্টে রিট দায়ের করা হয়। শুনানি শেষে আদালত পর্যবেক্ষণে জানান, দীর্ঘদিন ধরে বিএসসি ইঞ্জিনিয়াররা গুরুতর বৈষম্যের শিকার হচ্ছেন। এ অবস্থায় নিয়োগ নীতিমালা সংশোধন ও সকল বিএসসি ইঞ্জিনিয়ারের জন্য আবেদন সুযোগ উন্মুক্ত করার নির্দেশ দেন আদালত। কোর্ট অর্ডার ঢাকা মেট্রোরেল হেডকোয়ার্টারে ব্যবস্থাপনা পরিচালকের কাছে হস্তান্তরের পর গত ১৩ আগস্ট আদালত নির্দেশ দেন, আগামী ১৫ আগস্ট অনুষ্ঠিতব্য রিক্রুটমেন্ট পরীক্ষায় দশম গ্রেডের সেকশন ইঞ্জিনিয়ার পদে সকল বিএসসি ইঞ্জিনিয়ারকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।