
নাজিফা তাসনিম জিফা
বিএসসি প্রকৌশলীদের পেশাগত মর্যাদা রক্ষায় চলমান আন্দোলনে পুলিশের হামলার ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কর্তৃপক্ষ তীব্র নিন্দা জানিয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ন্যায্য অধিকার আদায় ও কোটা বৈষম্য দূরীকরণের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের এ হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চুয়েট প্রশাসন এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। পাশাপাশি আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার ও আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, ঢাকায় শাহবাগে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বহু শিক্ষার্থী আহত হন। উক্ত ঘটনার প্রতিবাদে সারাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় প্রকৌশল শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি তুলেছে। এর মধ্যে রয়েছে, ‘ইঞ্জিনিয়ার’ উপাধি ব্যবহারে একক স্বীকৃতি, নিয়োগে কোটা বৈষম্য দূরীকরণ, পেশাগত মর্যাদা রক্ষায় কার্যকর নীতি প্রণয়ন, পদোন্নতিতে ন্যায্য ব্যবস্থা নিশ্চিতকরণ এবং পুলিশের হস্তক্ষেপের ঘটনায় ক্ষমা ও আহতদের চিকিৎসা নিশ্চিত করা।
চুয়েট প্রশাসন মনে করেন, শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন এবং সমস্যার সমাধানে সংলাপ ও আলোচনার পথই একমাত্র কার্যকর উপায়।