চুয়েটনিউজ২৪ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) রোবোমেকাট্রনিক্স অ্যাসোসিয়েশন (আরএমএ) ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী রোবটিক্স বিষয়ক কর্মশালা ও হ্যাকাথন।
গত ১৩ সেপ্টেম্বর, শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে এই হ্যাকাথন প্রতিযোগিতা। এতে প্রতি দলে ছয় জন করে মোট ২৮টি দল অংশগ্রহণ করে।
আয়োজকদের পক্ষ থেকে প্রতিযোগীদের সামনে বাস্তবজীবনভিত্তিক ছয়টি সমস্যা উপস্থাপন করা হয়। প্রতিটি দলের জন্য তিন ঘণ্টার সময়সীমা নির্ধারণ করা হয়, যার মধ্যে তাদেরকে ইলেকট্রনিক্স সার্কিট, সেন্সর ও অন্যান্য উপকরণ ব্যবহার করে কার্যকর সমাধানমূলক প্রকল্প তৈরি করতে হয়।
এর আগে গত সোমবার থেকে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় তিনদিনব্যাপী ‘হ্যান্ডস অন টু রোবটিক্স ২.০’ শীর্ষক কর্মশালা ।কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হাতে-কলমে রোবটিক্সের প্রাথমিক ধারণা, এর বাস্তব জীবনে প্রয়োগ, ইলেকট্রনিক্স সার্কিট ডিজাইন ও বাস্তবায়নের কৌশল সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইন্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শ্রেয়া রায় দূর্বা চুয়েটনিউজ২৪ কে বলেন,”আমার আগে কখনোই সেন্সর,পটেনশিওমিটার, ব্রেডবোর্ড, ভেরোবোর্ড এসব কিছু নিয়ে সামনাসামনি কাজ করার অভিজ্ঞতা ছিল না।কিন্তু ওয়ার্কশপে এসে আমি এসব কিছু সম্পর্কে জানতে পারি,কাজ করার সুযোগ পাই। আমাদের মেন্টররা খুব ভালোভাবে আমাদের প্রতিটি বিষয় সম্পর্কে বুঝিয়েছেন, আমাদের সকল প্রশ্নের উত্তর দিয়েছেন।আর আজকের হ্যাকাথন প্রোগ্রামে এসে কতটুকু কেস সলভ করতে পেরেছি জানি না,কিন্তু তার চেয়ে অনেক বেশি অভিজ্ঞতা নিয়ে গেছি।ধন্যবাদ আরএমএ,আমাদের জন্য এত সুন্দর ওয়ার্কশপ আয়োজন করার জন্য।”
আয়োজকদের পক্ষ থেকে আরএমএ এর সভাপতি কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জি এম ফয়সাল তাইসির চুয়েটনিউজ২৪ কে বলেন, “আমরা আরএমএ থেকে বিশ্বাস করি দেশের উন্নতির জন্য রোবটিক্স অথবা প্রযুক্তিগত শিক্ষার বিকল্প নেই। তার জন্যই নতুন ব্যাচের উদ্দেশ্যে এই প্রোগ্রামটি আয়োজন। এখানে আরএমএ ২২ ব্যাচ ইন্সট্রাক্টর আর ২৩ ব্যাচ মেন্টর হিসেবে ছিল যার দ্বারা কিভাবে একটা ওয়ার্কশপ পরিচালনা করতে হয় সেটা তারা শিখতে পেরেছে। নতুন ব্যাচকে আমরা রোবোটিক্স এর সাথে পরিচিতি করাতে পেরেছি একই সাথে আরএমএ মেম্বারদের লিডারশিপ এবং ক্লাস নেওয়ার অভিজ্ঞতা অর্জন করাতে পেরেছি।”