ফাইয়াজ কৌশিকঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(চুয়েট) শুরু হয়েছে পরিব্যাপ্ত কংক্রিটের আদল তৈরির প্রতিযোগিতা “পরিব্যাপ্ত কংক্রিট উৎসব-২০২৫”। আজ ১ নভেম্বর (শনিবার) বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল ভবনে আমেরিকান কংক্রিট ইন্সটিটিউট (এসিআই) এর চুয়েট শাখার উদ্যোগে দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে এতে অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ২০ টি দলের প্রায় শতাধিক শিক্ষার্থী।
জানা যায়, দুইদিন ব্যাপী এ আয়োজনের আজ ছিল উদ্বোধনী দিন। এদিন শিক্ষার্থীরা কংক্রিট তৈরির অন্যতম প্রধান উপাদান সূক্ষ্ম বালিজাতীয় উপাদান ছাড়াই ঢালাই তৈরি করেন। প্রতিযোগিতায় প্রথমে সিমেন্ট, পাথর জাতীয় উপাদান, পানি ও অন্যান্য উপাদানের সমন্বয়ে পরিব্যাপ্ত কংক্রিট ঢালাই তৈরি করে তা আর্দ্র অবস্থায় রেখে দেয়া হয়। পরবর্তীতে প্রতিযোগী দলগুলোর মধ্যে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢালাইকৃত কংক্রিটকে সাতদিন আর্দ্র অবস্থায় রাখার পর আগামী ৮ নভেম্বর করা হবে টান সহ্য করার ক্ষমতা ও জল প্রবেশ্যতা পরীক্ষা। একইদিনে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম।
এ ব্যাপারে আয়োজক এসিআই, চুয়েট এর সভাপতি আসহাব লাবিব বলেন, এটি এমন একটি প্রতিযোগিতা যা শুধুমাত্র তাত্ত্বিকভাবে নয়, ব্যবহারিকভাবেও জ্ঞানার্জনে কার্যকরী। আমরা আশা করছি এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের গন্ডির বাইরে গিয়ে নতুনভাবে চিন্তা করতে শিখবে এবং কিভাবে প্রায়োগিকভাবে কাজ করতে হয় তা জানবে। আমরা এ প্রতিযোগিতার সাথে নিয়োজিত সকল প্রতিযোগী, বিচারকমন্ডলী ও অন্যান্যদের আন্তরিক ধন্যবাদ জানাই
অংশগ্রহণকারী প্রতিযোগী পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিয়াম হায়দার বলেন, এ প্রতিযোগিতায় এমন উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করে বেশ ভালো লাগছে। নতুন কিছু শিখতে পারছি। এ ধরনের আয়োজন আমাদের জ্ঞানার্জনে বেশ ভূমিকা রাখবে।
আরেক প্রতিযোগী একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাহিম নুজহাত জাহিন বলেন, একাডেমিক পড়াশোনার বাইরে গিয়ে নিজের শেখা জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার জন্য আজকের এই প্রতিযোগিতা ছিল একটা বড় সুযোগ। কংক্রিট মিক্স ডিজাইন থেকে শুরু করে ব্যবহারিক পর্যায়ের কাজগুলো করতে গিয়ে অনেক বাস্তব জ্ঞান অর্জন করতে পেরেছি। বুঝতে পেরেছি তত্ত্বের সাথে বাস্তবের সংযোগ। এমন প্রতিযোগিতা আয়োজনের জন্য এসিআই চুয়েটের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।
উল্লেখ্য, এসিআই চুয়েট চ্যাপ্টার প্রতিষ্ঠার শুরু থেকেই অত্র বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ এবং কর্মকান্ডের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতা করেছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যতে একাডেমিক ও কারিগরি কাজে ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় এবার আয়োজিত হয় “পরিব্যাপ্ত কংক্রিট উৎসব-২০২৫”। এবারের আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চুয়েটনিউজ২৪।